থানায় থাকা অবস্থায় আবারও হত্যার হুমকি পেলেন এমপি মাহমুদা মিতু - দিগন্ত জার্নাল

থানায় থাকা অবস্থায় আবারও হত্যার হুমকি পেলেন এমপি মাহমুদা মিতু

তেজগাঁও থানায় হত্যার হুমকির অভিযোগ জানাতে গিয়ে আবারও হুমকি পেয়েছেন সংসদ সদস্য মাহমুদা মিতু

দিগন্ত জার্নাল ডেস্ক: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

রাজধানীর তেজগাঁও থানায় প্রাণনাশের হুমকির অভিযোগ জানাতে গিয়ে আবারও হত্যার হুমকি পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে থানায় অবস্থানকালে একটি বাংলাদেশি নম্বর থেকে ফোন করে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত ঘটনাস্থলে উপস্থিত থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাণনাশের হুমকির বিষয়ে অভিযোগ জানাতে তেজগাঁও থানায় গিয়েছিলেন মাহমুদা মিতু। সেখানে অবস্থান করার সময়ই তার মোবাইল ফোনে কল আসে এবং তাকে হত্যার হুমকি দেওয়া হয়।

এর আগে রোববার জাতীয় সংসদে অবস্থানকালে মোবাইল ফোনে হুমকি পান মাহমুদা মিতু। এ ঘটনায় হুমকির একটি অডিও রেকর্ড প্রকাশ করে এনসিপি। অডিওতে এক তরুণ কণ্ঠের ব্যক্তিকে তাকে দেশ ছাড়ার হুমকি দিতে শোনা যায়। ওই ব্যক্তি বলেন, ‘আপনাকে টুকরা টুকরা করা হবে। সো প্লিজ, বি কেয়ারফুল। ইউ মাস্ট লিভ দ্য কান্ট্রি।’ পাশাপাশি পরিবারের মায়া থাকলে দ্রুত দেশ ছেড়ে যাওয়ার কথাও বলেন তিনি।

কথোপকথনের একপর্যায়ে ওই ব্যক্তি পরদিন একই সময়ে আবার ফোন করার কথা জানান।

এর আগে গত শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে কয়েক দিন ধরে হত্যার হুমকি পাওয়ার কথা জানিয়েছিলেন মাহমুদা মিতু। এ ছাড়া গত ৫ নভেম্বর এনসিপি থেকে পদত্যাগ করা সামান্তা শারমিনকেও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

Home » মাহমুদা মিতুকে হত্যার হুমকি
an adbox will go here