শোভাযাত্রায় নিষিদ্ধ আ’লীগের হামলা,বিএনপির দুই নেতা নিহত
দিগন্ত জার্নাল ডেস্ক: ,বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন ইসলাম ও উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে এ হামলার ঘটনা ঘটে। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এ হামলা চালিয়েছে।
জানা গেছে, বুধবার বিকেলে কালিয়া পৌর এলাকায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদী মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। সন্ধ্যার দিকে শোভাযাত্রাটি পৌরসভার বেন্দারচর এলাকায় পৌঁছালে একটি দল তাঁদের ওপর হামলা চালায়। এ সময় কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
হামলায় কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন ইসলাম ও উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে শাহীন ইসলাম ও সোহেল রানার মৃত্যু হয়।
ওসি ইদ্রিস আলী বলেন, মোটরসাইকেল শোভাযাত্রার পেছনে অতর্কিত হামলা চালানো হয়। দলছুট দুই ব্যক্তিকে পেয়ে হামলাকারীরা তাঁদের অতিরিক্ত মারধর করে। এতে তাঁদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধর্মঘটের ডাক দেওয়া ব্যক্তি ও তাঁদের সমর্থকেরা এ ঘটনায় জড়িত থাকতে পারেন। তবে ঘটনার তদন্ত চলছে।