বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ - দিগন্ত জার্নাল

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ

ছবি: সংগৃহীত

দিগন্ত জার্নাল ডেস্ক: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা স্থগিতের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যেতে পারে আজ সোমবার (২৩ নভেম্বর)। এ বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি হবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চে।

শুনানির জন্য আবেদনটি আপিল বিভাগের কার্যতালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে আজকের শুনানির পর ভর্তি পরীক্ষা স্থগিতের বিষয়ে আদালতের সিদ্ধান্ত জানা যেতে পারে।

এর আগে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত রাষ্ট্রপক্ষের আবেদনটি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান। একই সঙ্গে ২৩ নভেম্বর শুনানির দিন ধার্য করেন। তবে ওই দিন হাইকোর্টের আদেশের ওপর কোনো স্থগিতাদেশ দেননি চেম্বার আদালত।

সেদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এম. আবদুল কাইয়ূম ও ব্যারিস্টার কামরুন নাহার মাহমুদ দিপা।

আইনজীবীরা জানান, হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলেও চেম্বার আদালত কোনো স্থগিতাদেশ দেননি। বরং বিষয়টি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন।

এর আগে গত বুধবার (১৮ নভেম্বর) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বুয়েট, মেডিকেল ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিতের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেন আদালত।

Home » বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত
an adbox will go here