ট্রাম্পের শুল্কনীতির বিরুদ্ধে মার্কিন পণ্যে চীনের শুল্ক বাড়ানোর ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক:
ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়ম ভঙ্গ করে—এমন অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মামলা করেছে চীন। শুক্রবার (৪ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বিষয়টি জানানো হয়। ডব্লিউটিও সচিবালয়ও অভিযোগের সত্যতা নিশ্চিত করেছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক ডব্লিউটিওর নিয়ম লঙ্ঘন করছে এবং এটি সদস্য রাষ্ট্রগুলোর বৈধ অধিকার ও স্বার্থ ক্ষুণ্ন করছে। একইসঙ্গে এর ফলে নিয়মভিত্তিক বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থার ভিত্তি দুর্বল হচ্ছে। মার্কিন শুল্কের জবাবে চীনও পাল্টা ব্যবস্থা নিয়েছে। যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে দেশটি। একই সঙ্গে স্মার্টফোন, বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি এবং প্রতিরক্ষা শিল্পে ব্যবহৃত গুরুত্বপূর্ণ খনিজ রফতানি নিয়ন্ত্রণে আনার সিদ্ধান্ত জানিয়েছে চীন। নিয়ন্ত্রণের আওতায় যেসব খনিজ আসছে, সেগুলোর মধ্যে রয়েছে স্যামারিয়াম, গ্যাডোলিনিয়াম, টারবিয়াম, ডাইসপ্রোজিয়াম, লুটেটিয়াম, স্ক্যান্ডিয়াম এবং ইট্রিয়াম।
বিশ্লেষকদের মতে, এসব খনিজের ওপর চীনের একচেটিয়া নিয়ন্ত্রণ থাকায় রফতানি সীমিত করলে যুক্তরাষ্ট্র চাপে পড়বে। চীন ইতোমধ্যে ১৬টি মার্কিন প্রতিষ্ঠানকে রফতানি নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত করেছে। বাণিজ্য যুদ্ধের নতুন এই ধাপ আন্তর্জাতিক বাজারে উত্তেজনা বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।