গাজা থেকে রকেট হামলার জবাবে শক্ত প্রতিক্রিয়ার নির্দেশ নেতানিয়াহুর - দিগন্ত জার্নাল

গাজা থেকে রকেট হামলার জবাবে শক্ত প্রতিক্রিয়ার নির্দেশ নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক:

সোমবার, ৭ এপ্রিল ২০২৫ || গাজা থেকে রকেট হামলার জবাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘শক্ত প্রতিক্রিয়া’ জানানোর নির্দেশ দিয়েছেন। রোববার গাজা উপত্যকা থেকে প্রায় ১০টি রকেট ছোড়ার ঘটনার পর তার কার্যালয় এক বিবৃতিতে জানায়, “প্রধানমন্ত্রী একটি শক্ত প্রতিক্রিয়ার নির্দেশ দিয়েছেন এবং হামাসের বিরুদ্ধে গাজায় আইডিএফ-এর তীব্র অভিযান অব্যাহত রাখার অনুমোদন দিয়েছেন।”

ওই সময় নেতানিয়াহু ওয়াশিংটনে যাওয়ার পথে বিমানে অবস্থান করছিলেন এবং সেখান থেকেই প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজের সঙ্গে ফোনে কথা বলেন।

বিবৃতির কিছু সময় পরই ইসরায়েলি সেনাবাহিনী গাজার দেইর আল-বালাহ এলাকার কিছু বাসিন্দাকে সরিয়ে যাওয়ার নির্দেশ দেয়। সেনাবাহিনীর দাবি, সেখান থেকেই রকেটগুলো ছোড়া হয়েছিল।

ইসরায়েলি সেনাবাহিনীর আরবি মুখপাত্র আভিচাই আদ্রায়ি এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে লেখেন, “গাজা উপত্যকার দেইর আল-বালাহ এলাকায় অবস্থানরত সবাইকে সতর্ক করে বলা হচ্ছে, হামলা শুরুর আগেই নিরাপদ আশ্রয়ে চলে যান।” তিনি আরও বলেন, “যেখান থেকেই রকেট ছোড়া হবে, সেখানে তীব্র হামলা চালানো হবে।”

এরপর ইসরায়েলি বাহিনী জানায়, পাল্টা আঘাতে গাজায় একটি রকেট লঞ্চারের ওপর বিমান হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এই লঞ্চার থেকেই ইসরায়েলের আশদোদের দিকে রকেট ছোড়া হয়েছিল।

an adbox will go here