গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও ২৩ জন
দিগন্ত জার্নাল ডেস্ক:
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২৩ জন। শুক্রবার (৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১ জন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন রয়েছেন।
এ সময় ২১০ জন ডেঙ্গুরোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ৬০৬ জন রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
চলতি বছরের ৩ জানুয়ারি পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৫ জনে। এদের মধ্যে ৫৮.২ শতাংশ পুরুষ এবং ৪১.৮ শতাংশ নারী।
২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা গেছেন ৫৭৫ জন। এর আগের বছর, ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের এবং আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সতর্কতা ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।