এসএসসি ও সমমানের ফল ৬০ দিনের মধ্যেই প্রকাশ: শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার - দিগন্ত জার্নাল

এসএসসি ও সমমানের ফল ৬০ দিনের মধ্যেই প্রকাশ: শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার

দিগন্ত জার্নাল ডেস্ক:

বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল ৬০ দিনের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সি আর) আবরার। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

শিক্ষা উপদেষ্টা বলেন, “রেওয়াজ অনুযায়ী ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে। এবারের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই, কেননা যেসব উৎস থেকে প্রশ্ন ফাঁস হতো, সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।”

পরীক্ষার প্রথম দিনে আকস্মিকভাবে মতিঝিল কেন্দ্র পরিদর্শনে যান শিক্ষা উপদেষ্টা। মন্ত্রণালয় থেকে তার কেন্দ্র পরিদর্শনের বিষয়ে কিছু জানানো না হলেও গুঞ্জন ছিল যে তিনি কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন। সেই গুঞ্জন সত্য প্রমাণ করে তিনি সকাল ১১টার দিকে অল্প কয়েকজন কর্মকর্তাকে সঙ্গে নিয়ে কেন্দ্র পরিদর্শন করেন এবং কিছু সময় পরেই সেখান থেকে বেরিয়ে যান।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মোট দুই হাজার ২৯১টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়, যা চলবে দুপুর ১টা পর্যন্ত। এ বছর মোট ১৯ লাখ ২৮ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছে। তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৩ মে এবং ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ থেকে ২২ মে পর্যন্ত।

নকলমুক্ত, সুশৃঙ্খল ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশ্ন ফাঁস রোধে কঠোর নজরদারির পাশাপাশি গুজব ছড়ানো বিশেষ মহলের ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান সংশ্লিষ্টরা।

an adbox will go here