বুলেটবিদ্ধ বাপ্পির চিকিৎসা সংকটে, পাশে স্থানীয় নেতারা - দিগন্ত জার্নাল

বুলেটবিদ্ধ বাপ্পির চিকিৎসা সংকটে, পাশে স্থানীয় নেতারা

নিজস্ব প্রতিবেদক :
গাজীপুরের শ্রীপুরে বুলেটের আঘাতে ক্ষত-বিক্ষত মো. বাপ্পি (১৬) নামে এক ছাত্র মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। মেধাবী এ ছাত্রের চিকিৎসা কার্যক্রম টাকার অভাবে প্রায় বন্ধ হয়ে গেছে। পরিবারটি সরকারি কোনো সহায়তা পায়নি, আর ঋণের বোঝায় দিশেহারা।

শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা গ্রামের ভাড়া বাসায় শুয়ে কাতরাচ্ছে বাপ্পি। তার বাবা মোজাম্মেল হোসেন জানান, গুলিবিদ্ধ হওয়ার পর থেকে চিকিৎসার পেছনে ৯ লাখ টাকার বেশি খরচ হয়েছে। ব্যবসার মূলধন শেষ করে এবং আত্মীয়-স্বজনের কাছ থেকে ঋণ নিয়ে এতদিন ছেলের চিকিৎসা চালিয়েছেন। তবে এখন আর সামাল দিতে পারছেন না।

গত ৩ আগস্ট, গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের বুলেটে গুরুতর আহত হয় বাপ্পি। তার কোমরের পেছনে বুলেট বিদ্ধ হয়ে পেটে মারাত্মক ক্ষত তৈরি হয়। রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলাকালীন কয়েকটি অস্ত্রোপচারে পায়ুপথও কেটে ফেলতে হয়েছে।

বাপ্পির বাবা আরও জানান, ছেলের শরীরে পচন ধরেছে। ঢাকার একটি হাসপাতালে বিল পরিশোধ করতে না পারায় হাসপাতাল কর্তৃপক্ষ মামলা করার হুমকি দিচ্ছে।

বাপ্পির অসহায়ত্বের কথা জানতে পেরে শুক্রবার তাকে দেখতে ছুটে যান কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু। তিনি চিকিৎসার খোঁজখবর নেন এবং নগদ অর্থ সহায়তা প্রদান করেন। পাশাপাশি ভবিষ্যতে চিকিৎসার জন্য আরও সহায়তার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। পৌর বিএনপির ৭নং ওয়ার্ডের দপ্তর সম্পাদক ও বাড়ির মালিক জহিরুল ইসলাম প্রিন্স বাপ্পির পরিবারকে সহায়তা হিসেবে তাদের ৭০ হাজার টাকার বকেয়া ভাড়া মওকুফ করেন।

বাপ্পির পরিবার এখন সামর্থ্যবান ও দয়ালু ব্যক্তিদের সহযোগিতার প্রত্যাশায় রয়েছে।

an adbox will go here