মিয়ানমারে আবারও ভূমিকম্প, ৫.৫ মাত্রার কম্পনে কাঁপল মধ্যাঞ্চল - দিগন্ত জার্নাল

মিয়ানমারে আবারও ভূমিকম্প, ৫.৫ মাত্রার কম্পনে কাঁপল মধ্যাঞ্চল

আন্তর্জাতিক ডেস্ক:
মিয়ানমারের মধ্যাঞ্চলের মেইকটিলা শহরের কাছে ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১৩ এপ্রিল) সকালে আঘাত হানা এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে এনডিটিভি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের ৭.৭ কিলোমিটার (৪.৮ মাইল) গভীরে, আর কেন্দ্রস্থল ছিল মান্দালয় থেকে ৯৭ কিলোমিটার দক্ষিণে উন্ডউইন টাউনশিপ এলাকায়।

দেশটির আবহাওয়া বিভাগও এই তথ্য নিশ্চিত করে জানায়, ভূমিকম্পটি ২০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে। এটি গত ২৮ মার্চের ভয়াবহ ৭.৭ মাত্রার ভূমিকম্পের পর আফটারশকগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, ২৮ মার্চের ভূমিকম্পে মিয়ানমারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দেশটির সামরিক সরকারের মুখপাত্র মেজর জেনারেল জাও মিন তুন জানিয়েছেন, শুক্রবার (১১ এপ্রিল) পর্যন্ত ওই ভূমিকম্পে ৩ হাজার ৬৪৯ জন নিহত এবং ৫ হাজার ১৮ জন আহত হয়েছেন। চলমান ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমের মধ্যেই এই নতুন ভূমিকম্প নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

an adbox will go here