তাইজুলের দুর্দান্ত পারফরম্যান্স, তবুও থেকে যান আঁড়ালে
স্পোর্টস ডেস্ক:
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ | বহু বছর ধরে বাংলাদেশ টেস্ট দলের নির্ভরতার নাম তাইজুল ইসলাম। পারফর্ম করেই দলে টিকে আছেন এই বাঁহাতি স্পিনার। সোমবার (২৮ এপ্রিল) জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারে ১৬তমবারের মতো ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন তিনি। তবে এতসব সাফল্য সত্ত্বেও, দেশের তথাকথিত ‘সুপারস্টার’-এর তালিকায় তাইজুলের নাম আজও সেভাবে উচ্চারিত হয় না।
ক্যারিয়ারের বড় সময়টা সাকিব আল হাসানের ছায়ায় কাটিয়েছেন তাইজুল। জাতীয় দলে তার গুরুত্ব বেড়েছে মূলত সাকিবের অনুপস্থিতিতে। তবে সাকিবের টেস্ট অবসরের পর এখন তিনিই বাংলাদেশের এক নম্বর বাঁহাতি স্পিনার। ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে এই আসনটি নিজের করে নিয়েছেন তিনি।
কিন্তু জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে তাইজুলের প্রাপ্য মর্যাদা ঠিকমতো মেলেনি বলেই মনে করেন ক্রিকেট বিশ্লেষকরা। তাইজুলের জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ের পর জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রশংসা করে লিখেছেন, ‘এ মুহূর্তে সে বিশ্বের সবচেয়ে আন্ডাররেটেড বোলার। এখনকার অন্যান্য বোলারদের পরিসংখ্যান দেখুন, তাহলেই আমার কথা বুঝতে পারবেন। আরও একবার পাঁচ উইকেট, দারুণ করেছো তাইজুল।’
তামিমের সাথে তাইজুলের সম্পর্ক বরাবরই হৃদ্যতাপূর্ণ। গত বছরের অক্টোবরে তাইজুলের ২০০তম টেস্ট উইকেটের অর্জনেও তামিম উচ্ছ্বসিত হয়ে লিখেছিলেন, ‘অভিনন্দন তাইজুল ইসলাম। ২০০ টেস্ট উইকেট মানে বাংলাদেশের বাস্তবতায় দারুণ এক অর্জন। ৪৮ টেস্ট খেলে ২০০ উইকেট নেওয়া আরও বড় অর্জন। দুর্ভাগ্যজনকভাবে, বাংলাদেশের ক্রিকেটে যথেষ্ট গুরুত্ব ও প্রাপ্য সম্মান সে সবসময় পায় না।’
তামিম আরও লিখেছিলেন, ‘আমাদের দুর্ভাগ্য, বিশ্ব ক্রিকেটেও যথেষ্ট আলোচনা হয় না তাকে নিয়ে। অথচ অনেক গ্রেট বোলারের চেয়ে কম ম্যাচ খেলে ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছে সে। বড় কোনো দলের ক্রিকেটার হলে তাকে নিয়ে হয়তো আরও বেশি আলোচনা হতো।’ তাইজুলকে বিশ্ব ক্রিকেটের সেরা স্পিনারদের একজন বলে উল্লেখ করেছিলেন তামিম, বলেছিলেন, ‘তার পারফরম্যান্স, একাগ্রতা ও নিবেদন বলে বাংলাদেশ ক্রিকেটের জন্য সে অমূল্য সম্পদ। এখনো অনেক পথ চলা বাকি।’
ক্রিকেটবিশ্লেষকরা মনে করেন, তাইজুলের মতো ক্রিকেটাররা দলের নিঃশব্দ বীর। যারা আলো ছড়ান মাঠে, কিন্তু মঞ্চের আলো তাদের স্পর্শ করে না যথাযথভাবে। তাইজুলের নিরলস পারফরম্যান্স হয়তো ভবিষ্যতে তার প্রাপ্য স্বীকৃতি এনে দেবে বলে আশাবাদী ক্রিকেটভক্তরা।