ভারত-পাকিস্তান উত্তেজনার মাঝে ইমরান খানের মুক্তি ও সর্বদলীয় বৈঠকের দাবি পিটিআইয়ের - দিগন্ত জার্নাল

ভারত-পাকিস্তান উত্তেজনার মাঝে ইমরান খানের মুক্তি ও সর্বদলীয় বৈঠকের দাবি পিটিআইয়ের

আন্তর্জাতিক ডেস্ক:
ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি দাবি করেছে পাকিস্তানের প্রধান বিরোধী দল পিটিআই (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ)। একইসঙ্গে তারা ইমরানকে রেখে একটি সর্বদলীয় বৈঠকের আয়োজনের আহ্বান জানিয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানায়, সোমবার (২৮ এপ্রিল) পাকিস্তানের সিনেটে পিটিআই এই দাবি জানায়। দলটির পক্ষ থেকে বলা হয়, বর্তমান জাতীয় সংকটে ইমরান খানের মত একজন গুরুত্বপূর্ণ নেতার উপস্থিতি দেশের ঐক্য ও আন্তর্জাতিক বার্তা প্রদানের জন্য অত্যন্ত প্রয়োজন। সিনেটে পিটিআইয়ের পার্লামেন্টারি নেতা সিনেটর আলী জাফর বলেন, “রাজনৈতিক মতপার্থক্য এখন একপাশে রেখে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়াটাই সবচেয়ে জরুরি। সর্বদলীয় বৈঠকই এখন সঠিক পথ এবং ইমরান খানের অংশগ্রহণ তাতে অনিবার্য।” তিনি আরও বলেন, “এই বৈঠকে ইমরান খানের অংশগ্রহণ বিশ্বকে দেখাবে যে পাকিস্তান এখন ঐক্যবদ্ধ—এতে দেশের অবস্থান আন্তর্জাতিক পরিসরে আরও শক্তিশালী হবে।”

আলী জাফর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে ‘নাৎসি মানসিকতার’ সঙ্গে তুলনা করে বলেন, “ভারত বারবার মিথ্যা অভিযোগে পাকিস্তানকে দায়ী করছে, অথচ পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের শিকার।” পিটিআই নেতা শিবলি ফারাজ আরও একধাপ এগিয়ে ইমরান খানকে টেলিভিশনে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার দাবি জানান, যাতে তিনি জনগণকে মিনার-ই-পাকিস্তানে জমায়েত হওয়ার এবং ভারত সীমান্ত (ওয়াগা) অভিমুখে পদযাত্রার ডাক দিতে পারেন। তার দাবি, “এই আহ্বানে এক কোটির বেশি মানুষ সাড়া দেবে।” তিনি আরও বলেন, “শুধু জনগণের প্রকৃত প্রতিনিধি ভারতকে শক্ত বার্তা দিতে পারেন।” পাশাপাশি তিনি রাজনৈতিক প্রতিহিংসা থেকে উদ্ভূত মামলা প্রত্যাহার এবং সব রাজনৈতিক বন্দির মুক্তির দাবিও জানান।

an adbox will go here