“জিম্মিদের ফিরিয়ে আনতেই আমাদের লড়াই”—গাজা নিয়ে সেনাদের উদ্দেশে ইসরাইলি সেনাপ্রধান জামির - দিগন্ত জার্নাল

“জিম্মিদের ফিরিয়ে আনতেই আমাদের লড়াই”—গাজা নিয়ে সেনাদের উদ্দেশে ইসরাইলি সেনাপ্রধান জামির

আন্তর্জাতিক ডেস্ক
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির বলেছেন, গাজায় হামাসের হাতে জিম্মিদের মুক্ত করা, ইসরাইলি রাষ্ট্র এবং এর নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং যুদ্ধে জয়লাভই আইডিএফ-এর মূল লক্ষ্য। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে ইসরাইলি ‘রিমেমবার’স ডে’-এর আগে সার্ভিস সদস্যদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেনারেল জামির বলেন, “আমরা একটি স্পষ্ট উদ্দেশ্য নিয়ে লড়াই করছি—আমাদের মাতৃভূমির প্রতিরক্ষা, যুদ্ধে জয়, শত্রুদের হাতে বন্দি আমাদের ভাই ও বোনদের ফিরিয়ে আনা এবং ইসরাইলের প্রতিটি নাগরিকের নিরাপত্তাবোধ ফিরিয়ে দেওয়া।” তিনি প্রতিশ্রুতি দেন, সেনাবাহিনী শোকাহত পরিবারগুলোর পাশে থাকবে এবং অতীতকে স্মরণ, বর্তমানের অগ্রগতি এবং ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালনে বদ্ধপরিকর থাকবে।

ইসরাইলের ৭৭তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে তিনি বলেন, “আমরা যখন আমাদের চোখ তুলে অর্ধনমিত পতাকার দিকে তাকাই, তখন প্রতিজ্ঞা করি কান্না থেকে শক্তিতে রূপান্তর, নিরাপত্তা বৃদ্ধি এবং রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার।” ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস। ওই হামলায় ১২০০ জন নিহত হন এবং প্রায় ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এরপরই গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে ইসরাইল, যা চলে টানা দেড় বছর। চাপের মুখে ২০২৪ সালের ১৯ জানুয়ারি থেকে এক দফা যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে ১৮ মার্চ থেকে আবারও নতুন করে সামরিক অভিযান শুরু করে ইসরাইল। দ্বিতীয় দফার এ আগ্রাসনে এখন পর্যন্ত ২০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও পাঁচ হাজারেরও বেশি। সম্পূর্ণ অভিযানজুড়ে গাজায় প্রাণ হারিয়েছেন মোট ৫৩,৩০০ জন এবং আহত হয়েছেন ১,১৬,৪১৬ জন। নিহতদের মধ্যে ৫৬ শতাংশই নারী ও শিশু।

an adbox will go here