গাজা যুদ্ধ: ইসরাইলকে চাপ দেয়নি বাইডেন প্রশাসন
আন্তর্জাতিক ডেস্ক:
ইসরাইলি টেলিভিশন চ্যানেল ১৩-এর এক বিস্ফোরক অনুসন্ধানে প্রকাশ পেয়েছে, গাজায় ইসরাইলের সামরিক আগ্রাসনের সময় যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন কখনোই যুদ্ধবিরতির জন্য চাপ দেয়নি। বরং তারা ইচ্ছাকৃতভাবে ইসরাইলকে নজিরবিহীন ছাড় দিয়েছে।এই আগ্রাসনের সময় কোনো স্পষ্ট সামরিক লক্ষ্য না থাকা সত্ত্বেও ইসরাইল গণহত্যা চালিয়ে যেতে পেরেছে, কারণ যুক্তরাষ্ট্র কার্যত পূর্ণ সমর্থন দিয়েছিল। অনুসন্ধানে অংশ নেওয়া ৯ জন বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তা এবং ইসরাইলি কূটনীতিকদের বক্তব্যে উঠে এসেছে, বাইডেন প্রশাসন ইসরাইলকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিল। ইসরাইলের সাবেক মার্কিন রাষ্ট্রদূত মাইকেল হার্জগ বলেন, “ঈশ্বর ইসরাইলকে আশীর্বাদ করেছেন যে এই সময় বাইডেন প্রেসিডেন্ট ছিলেন। আমাদের কখনো বলা হয়নি যুদ্ধ থামাতে।” সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইলান গোল্ডেনবার্গের মতে, “এই যুদ্ধ ছিল নির্বিচারে হত্যা ও ধ্বংসের যুদ্ধ।”
সাবেক মার্কিন পররাষ্ট্র দফতরের আইনজীবী স্টেসি গিলবার্ট অভিযোগ করেছেন, যুদ্ধাপরাধের অভিযোগ থেকে ইসরাইলকে রক্ষার জন্য যুক্তরাষ্ট্র মিথ্যা তথ্য প্রচার করেছে। এর প্রতিবাদে তিনি পদত্যাগ করেন। প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রী নেতানিয়াহু জিম্মি বিনিময়ের আলোচনাও ভেঙে দেন, যাতে যুদ্ধবিরতির চাপ না আসে। এমনকি বাইডেন এক পর্যায়ে নেতানিয়াহুকে “অসত্যবাদী” বলে ফোন কেটে দেন, যদিও পরে আবার ইসরাইলে অস্ত্র পাঠানো শুরু হয়। বাইডেন প্রশাসনের অবস্থান শুধু কূটনৈতিক নয়, সামরিক ও নীতিগতভাবেও ইসরাইলের আগ্রাসনের সক্রিয় সহযোগী ছিল বলে এই অনুসন্ধানে উঠে এসেছে।