কোনাবাড়ীতে শ্রমিক বিক্ষোভে দুই কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
দিগন্ত জার্নাল ডেস্ক:
বুধবার, (৩০ এপ্রিল ২০২৫) গাজীপুরের কোনাবাড়ীতে শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের জেরে দুটি পোশাক কারখানা—এমএম নিটওয়্যার লিমিটেড ও মামুন নিটওয়্যার লিমিটেড—অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার সকালবেলায় শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে কারখানার গেটে ঝোলানো বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পান। এতে শ্রমিকদের মাঝে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।
কারখানা দুটি গাজীপুর সিটি করপোরেশনের আমবাগ এলাকায় অবস্থিত। বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারা মোতাবেক প্রতিষ্ঠান দুটি বন্ধ ঘোষণা করা হয়েছে। এমএম নিটওয়্যার লিমিটেডের ঘোষণাপত্রে জানানো হয়, ২৯ এপ্রিল সকালে কারখানা খোলার পর শ্রমিকদের একটি অংশ কাজ বন্ধ করে উচ্ছৃঙ্খল আচরণ শুরু করে এবং একপর্যায়ে কারখানার অভ্যন্তরে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে বাইরে চলে যায়। এতে কারখানার ক্ষতি সাধিত হয় এবং শ্রমিকদের এ ধরনের আচরণকে বেআইনি ধর্মঘট হিসেবে উল্লেখ করা হয়।
মামুন নিটওয়্যার লিমিটেডের ঘোষণায়ও প্রায় একই ধরনের তথ্য দেওয়া হয়েছে। তবে শ্রমিকদের পক্ষ থেকে এক ভিন্ন বিবরণ উঠে এসেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান, কিছু শ্রমিককে পাওনা পরিশোধ করে ছাঁটাই করা হয়, কিন্তু মালিকপক্ষের লোকজন পরে তাদের মারধর করেন। এর প্রতিবাদে শ্রমিকরা কাজ বন্ধ করেন। মঙ্গলবার রাতেই তারা জানতে পারেন কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।
এদিকে, কারখানার প্রশাসনিক কর্মকর্তা মনোয়ার হোসেন শ্রমিকদের মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘গুজব ছড়িয়ে শ্রমিকদের উসকানো হয়েছে, বাস্তবে এমন কিছু ঘটেনি।’
কোনাবাড়ী মেট্রো থানার অফিসার ইনচার্জ মো. সালাহ উদ্দিন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও থানা পুলিশ সদস্যরা কারখানাগুলোর সামনে মোতায়েন রয়েছেন। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও শ্রমিকদের মাঝে অনিশ্চয়তা ও উদ্বেগ বিরাজ করছে।