রানের পাহাড়ে বাংলাদেশ, সাগরিকার আকাশে বারবারই বাধা হয়ে বৃষ্টি
স্পোর্টস ডেস্ক:
মঙ্গলবার, (৩০ এপ্রিল ২০২৫) বাংলাদেশের ইতিহাস গড়তে সময় লাগছে, কিন্তু সাগরিকার আকাশ যেন অপেক্ষা করে না। বৃষ্টি ঠিকই নিজের নিয়মে হাজির। তৃতীয় দিনের শুরুতে ৩০০ রান ছোঁয়ার পর যেমন বৃষ্টি নেমেছিল, ঠিক তেমনি ৪০০ রানে পৌঁছাতেও সেই পুরনো দৃশ্যের পুনরাবৃত্তি ঘটেছে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে।
তবে বৃষ্টির ছোবলে ম্যাচের কোনো বড় ক্ষতি হয়নি। সকালের সেশনে খেলা বন্ধ ছিল মাত্র ১৬ মিনিট এবং দিন শেষে ৩ মিনিট খাওয়া গেছে বৃষ্টির পেটে। এই ছোট ছোট বিঘ্নের মধ্যেই বাংলাদেশ নিজেদের অবস্থান আরও শক্ত করে নিয়েছে। ৮ উইকেটে ৪০৪ রানে পৌঁছে মধ্যাহ্নভোজে যায় দল, আর স্কোরবোর্ডে যোগ হয় একরাশ স্বস্তি।
তৃতীয় দিনের সকালে বাংলাদেশ হারিয়েছে মাত্র একটি উইকেট—তাইজুল ইসলামের। তিনি ৪৫ বলে ২০ রান করে ভিনসেন্ট মাসেকেসার চতুর্থ শিকার হয়ে ফেরেন। তার আউটে ভাঙে মেহেদি হাসান মিরাজের সঙ্গে অষ্টম উইকেটে গড়া ৮৪ বলে ৬৩ রানের কার্যকরী জুটি। তবে এরপর নবম উইকেট জুটিতেও সঙ্গী পান মিরাজ—তানজিম হাসান সাকিব। এই দুইজন গড়েছেন ১০৩ বলে ৬২ রানের নতুন জুটি।
মেহেদি হাসান মিরাজ তুলে নিয়েছেন ক্যারিয়ারের দশম টেস্ট ফিফটি, আর এখন সেঞ্চুরির দোরগোড়ায়। তিনি ১০৯ বলে করেছেন ৭৬ রান। অন্যদিকে অভিষেক টেস্টেই সাহসী ব্যাটিংয়ে নজর কাড়ছেন তানজিম হাসান সাকিব, যার ব্যাট থেকে এসেছে ৫৭ বলে ২৯ রান।
সব মিলিয়ে সকাল সেশনে বাংলাদেশের প্রাপ্তি ১১৩ রান মাত্র একটি উইকেটের বিনিময়ে। প্রথম ইনিংসে দলটির লিড এখন দাঁড়িয়েছে ১৭৭ রানে। উইকেটের চরিত্রে স্পিনের ছাপ স্পষ্ট, তাই এই লিডটা যে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, তা সহজেই অনুমেয়।