পাকিস্তানের ধাওয়ায় পালাল ভারতের ৪ রাফাল যুদ্ধবিমান
আন্তর্জাতিক ডেস্ক:
গভীর রাতে পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) ধাওয়া খেয়ে পালিয়েছে ভারতের ৪টি রাফাল যুদ্ধবিমান। মঙ্গলবার নিয়ন্ত্রণ রেখা (এলওসি) সংলগ্ন আকাশে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে পিএএফ। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন ও দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়, ভারতীয় যুদ্ধবিমানগুলো জম্মু ও কাশ্মীরের আকাশসীমায় টহল দিচ্ছিল। পাকিস্তানি জেট তাদের শনাক্ত করে প্রতিক্রিয়ায় গেলে সেগুলো পিছু হটতে বাধ্য হয়। এই ঘটনাটি ঘটে এমন এক সময়, যখন দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকসহ ২৬ জন নিহতের ঘটনায় চরম উত্তেজনা তৈরি হয়। পরদিন ভারত একতরফাভাবে সিন্ধু পানিচুক্তি স্থগিত করে। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও সিমলা চুক্তি স্থগিতের হুঁশিয়ারি দেয় এবং আকাশসীমা বন্ধের ইঙ্গিত দেয়।
ভারত ওই হামলার জন্য পাকিস্তানকে সন্দেহ করলেও এখনো কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি। পাকিস্তান বরাবরের মতো এ অভিযোগ অস্বীকার করেছে এবং স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তা তারার বলেন, ভারতের হামলার প্রস্তুতির বিষয়ে তাদের কাছে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে। তিনি ভারতের অবস্থানকে দায়িত্বজ্ঞানহীন ও অস্থিরতা সৃষ্টিকারী বলেও মন্তব্য করেন।