ভারতের সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে প্রস্তুত পাকিস্তান, সতর্কবার্তা দিলেন বিশ্লেষকরাও
আন্তর্জাতিক ডেস্ক :
পাকিস্তান সেনাবাহিনী ভারতের ‘সম্ভাব্য উসকানিমূলক অভিযান’ মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির এক শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে ‘দ্য নিউজ’ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যেকোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে ‘এক ধাপ বেশি শক্তি’ দিয়ে। তিনি জানান, সীমান্তে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে, এবং এই প্রস্তুতি সরকারের বিভিন্ন স্তরে আস্থার সঞ্চার করেছে। তার ভাষায়, “যুদ্ধোন্মাদ ভারতকে প্রতিহত করতে পাকিস্তান সেনাবাহিনী সম্পূর্ণ সক্ষম।”
এদিকে ভারতের ভেতরেই কিছু বিশ্লেষক এমন আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে সতর্ক করছেন। সাবেক ভারতীয় সেনা কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষক প্রবীণ সাহনি একটি প্রতিরক্ষা সাময়িকীতে লেখেন, “আজকের দিনে পাকিস্তান সেনাবাহিনী যুদ্ধক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনীর চেয়ে অনেক এগিয়ে।” তিনি উল্লেখ করেন, পাকিস্তানের গোয়েন্দা ও কৌশলগত স্তর ভারতের তুলনায় বেশি কার্যকর। আইএসআই-এর গঠন এবং সেনাবাহিনী প্রধানের একক নেতৃত্ব দ্রুত সিদ্ধান্তগ্রহণ নিশ্চিত করেছে, যেখানে ভারতে বেসামরিক-সামরিক সমন্বয় জটিলতায় পড়ে। সাহনি আরও দাবি করেন, পাকিস্তান চীনের সহায়তায় ইলেকট্রনিক ও সাইবার যুদ্ধে ভারতের চেয়ে এগিয়ে আছে। তিনি স্মরণ করিয়ে দেন, ২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারির ‘অপারেশন সুইফট রিটোর্ট’-এ ভারতীয় বিমানবাহিনীর দুর্বলতা প্রকাশ পেয়েছিল। সেই থেকেই পাকিস্তান প্রতিরক্ষা ও প্রযুক্তি ব্যবস্থায় বিস্তর অগ্রগতি করেছে।