৮টি এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি মস্কোর
আন্তর্জাতিক:
মস্কো জানিয়েছে, মার্কিন সরবরাহকৃত আটটি এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। একই সঙ্গে ৭২টি ড্রোন ভূপাতিত করার কথাও জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রাশিয়া আরও দাবি করেছে, পূর্ব লুহানস্ক অঞ্চলে কিয়েভের নিয়ন্ত্রণে থাকা নাদিয়া গ্রামটি তাদের দখলে এসেছে। এএফপির একটি বিশ্লেষণ অনুযায়ী, ২০২৪ সালে রাশিয়া ইউক্রেনের প্রায় চার হাজার বর্গকিলোমিটার এলাকা দখল করেছে।
এদিকে, ইউক্রেনের সেনাবাহিনী জনবল সংকট ও ক্লান্তির কারণে চাপে রয়েছে বলে জানানো হয়েছে। অন্যদিকে, রুশ হামলায় উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলের একটি গ্রামে ৭৪ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ওলেগ সিনেগুবভ।
এ ঘটনায় উভয় পক্ষই বেসামরিক নাগরিকদের ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ করছে।
সূত্র: এএফপি