কাশ্মীর সীমান্তে টানা ৭ দিন গুলি বিনিময়, ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে - দিগন্ত জার্নাল

কাশ্মীর সীমান্তে টানা ৭ দিন গুলি বিনিময়, ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে

আন্তর্জাতিক ডেস্ক:
কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার রেশ কাটতে না কাটতেই ভারত-পাকিস্তান সীমান্তে আবারও সংঘর্ষে জড়িয়েছে দুই দেশের সেনাবাহিনী। বুধবার (৩০ এপ্রিল) রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর কুপওয়ারা, উরি এবং আখনুর সেক্টরে গোলাগুলির ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর না মিললেও টানা সাত দিনের সংঘর্ষে পরিস্থিতি চরমে পৌঁছেছে।

ভারতের প্রতিরক্ষা বিভাগের জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সুনীল বর্টওয়াল জানান, পাকিস্তানি সেনারা বিনা উসকানিতে গুলিবর্ষণ করে, যার জবাবে ভারতীয় সেনাবাহিনী পাল্টা জবাব দেয়। তবে পাকিস্তানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। পহেলগাঁও হামলার ঘটনার জেরে দুই প্রতিবেশী দেশের মধ্যে কূটনৈতিক টানাপড়েন তীব্র আকার ধারণ করেছে। ভারত পাকিস্তানিদের ভিসা বাতিল, কূটনীতিক বহিষ্কার এবং সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি স্থগিত করে। জবাবে পাকিস্তানও ভারতের জন্য স্থল ও আকাশসীমা বন্ধসহ একাধিক কঠোর পদক্ষেপ নেয়। এরই মধ্যে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেনাবাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দেওয়ার কথা বলেছেন বলে সংবাদমাধ্যমে উঠে এসেছে। ফলে সীমান্ত উত্তেজনা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগও বাড়ছে।

an adbox will go here