ভারত-পাকিস্তান উত্তেজনা, হামলার আশঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক:
কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুক হামলার জেরে সপ্তম দিনের মতো উত্তপ্ত ভারত-পাকিস্তান সীমান্ত। পাকিস্তানের দাবি, তাদের কাছে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে— ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে সামরিক অভিযান চালাতে পারে। রয়টার্স জানায়, ইসলামাবাদ যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চেয়ে বলেছে, ভারত যেন উস্কানিমূলক বক্তব্য বন্ধ করে দায়িত্বশীল আচরণ করে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, উভয় দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও।
কাশ্মীর হামলায় ২৬ জন নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা হিন্দুদের চিহ্নিত করে গুলি চালায়। ভারত বলছে, তিনজন হামলাকারী পাকিস্তানি নাগরিক। তবে পাকিস্তান তা অস্বীকার করে নিরপেক্ষ তদন্ত চায়। এই ঘটনার জেরে ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে, পাকিস্তান আকাশসীমা বন্ধ করেছে। ইসলামাবাদ বলছে, ভারত মিথ্যা অভিযোগে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। উত্তেজনার মধ্যেই দুই দেশের মধ্যে যুদ্ধাশঙ্কা জোরাল হচ্ছে।