চীন বলেছে, সব পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে - দিগন্ত জার্নাল

চীন বলেছে, সব পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে

আন্তর্জাতিক ডেস্ক:
কাশ্মীর হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা টানা সপ্তম দিনে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে চীন জানিয়ে দিল—যেকোনো পরিস্থিতিতে তারা পাকিস্তানের পাশেই থাকবে। বৃহস্পতিবার (১ মে) লাহোরে এক উচ্চপর্যায়ের বৈঠকে এই বার্তা দেন পাকিস্তানে নিযুক্ত চীনা কনসাল জেনারেল ঝাও শিরেন। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কেন্দ্রীয় পাঞ্জাব শাখার নেতাদের সঙ্গে আড়াই ঘণ্টার ওই বৈঠকে ঝাও বলেন, “চীন সব সময় পাকিস্তানের পাশে ছিল, আছে এবং থাকবে।” তিনি জানান, চীন-পাকিস্তান সম্পর্ক শুধু প্রতিবেশী বা কৌশলগত নয়, এটি একটি পরীক্ষিত বন্ধুত্ব।
চীনের কনসাল জেনারেল আরও বলেন, “যুদ্ধ কোনো সমাধান নয়। শান্তিপূর্ণ সংলাপ এবং কূটনৈতিক পথেই ভারত ও পাকিস্তানের সমস্যার সমাধান খোঁজা উচিত।” তিনি কাশ্মীর ইস্যুতে উত্তেজনা প্রশমনে আঞ্চলিক সহযোগিতার ওপরও জোর দেন।

বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক নানা ইস্যুতে আলোচনা হয়। ঝাও জানান, চীন ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের কৌশলগত সহযোগিতা রয়েছে অর্থনীতি, নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নের বিভিন্ন খাতে। এই সম্পর্ক আরও জোরদার করতে দুই পক্ষই সম্মত হয়। তিনি বলেন, “চীনের জনগণ পাকিস্তানকে ভালোবাসে, আর পাকিস্তানিরাও চীনকে শ্রদ্ধা ও ভালোবাসা দেয়।” বৈঠকে দুই দেশই চীন-পাকিস্তান বন্ধুত্ব অটুট রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। এই অবস্থায় চীনের এমন বার্তা শুধু রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নয়, দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক পরিস্থিতির ওপরও প্রভাব ফেলবে বলেই ধারণা করা হচ্ছে।

an adbox will go here