উত্তেজনার মধ্যেই পাকিস্তানের পূর্ণাঙ্গ সামরিক মহড়া
আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের সঙ্গে আঞ্চলিক উত্তেজনার মধ্যে পাকিস্তান সেনাবাহিনী বৃহস্পতিবার পূর্ণাঙ্গ যুদ্ধ মহড়া চালিয়েছে। নিরাপত্তা সূত্রে জানা গেছে, মহড়ায় আধুনিক অস্ত্র ও কৌশল ব্যবহারের মাধ্যমে পাকিস্তান সামরিক প্রস্তুতির শক্ত বার্তা দিয়েছে।
এই মহড়ায় অফিসার ও সৈন্যরা তাদের পেশাদার দক্ষতা ও প্রস্তুতি সরাসরি প্রদর্শন করেন। নিরাপত্তা সূত্র জানায়, এ মহড়ার মূল উদ্দেশ্য যেকোনো শত্রু আগ্রাসনের বিরুদ্ধে কঠোর জবাব নিশ্চিত করা। এর আগে কিয়ানি ও মন্ডল সেক্টরে ভারতীয় বাহিনীর বিনা উসকানির গুলিবর্ষণের জবাবে পাকিস্তান একটি ভারতীয় চেকপোস্ট ধ্বংস করে। এছাড়া ভারতের অধিকৃত জম্মু ও কাশ্মীরে শত্রু বাঙ্কারও নিষ্ক্রিয় করা হয়েছে বলে দাবি করা হয়।
পহেলগাঁও হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে টানা উত্তেজনা চলছে। ভারত ভিসা বাতিল, কূটনীতিক বহিষ্কার এবং সিন্ধু চুক্তি স্থগিত করে কড়া পদক্ষেপ নিয়েছে। জবাবে পাকিস্তানও আকাশ ও স্থলসীমা বন্ধ করে পাল্টা ব্যবস্থা নিয়েছে। এই অবস্থায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেনাবাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে গণমাধ্যমে উঠে এসেছে।