কাশ্মীরে পহেলগাঁও হামলা: নিরাপত্তা ব্যর্থতা ও উত্তেজনার আশঙ্কা - দিগন্ত জার্নাল

কাশ্মীরে পহেলগাঁও হামলা: নিরাপত্তা ব্যর্থতা ও উত্তেজনার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক:
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওতে সম্প্রতি ঘটে যাওয়া প্রাণঘাতী হামলা বিশ্বের অন্যতম সামরিক সুরক্ষিত অঞ্চলে নিরাপত্তা ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছে। ভারত এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও, এখনো পর্যন্ত কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি। এ ঘটনার পর পরমাণু অস্ত্রধারী দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনার আশঙ্কা আরও বেড়েছে।

ব্লুমবার্গে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, দিনের আলোয় এই ধরনের হামলা কীভাবে সম্ভব হলো, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজনীতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে নিরাপত্তা ঘাটতির বিষয়টি স্বীকার করেছেন। কংগ্রেসের দাবি অনুযায়ী, স্থানীয়ভাবে সন্ত্রাসীদের চলাচলের খবর থাকলেও বাহিনী সময়মতো পদক্ষেপ নিতে পারেনি। ইয়েল বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ও ভারতীয় সেনাবাহিনীর সাবেক কর্নেল সুশান্ত সিং বলেন, “এজেন্সিগুলোর উচিত ছিল অন্তত কিছু তথ্য থাকা। হয় তথ্য ছিল না, নয়তো তারা বিশ্লেষণ করতে পারেনি—দুই ক্ষেত্রেই এটা উদ্বেগজনক।”

সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া না দিলেও ঘটনাস্থলে সেনা উপস্থিত না থাকা ও ২০ কিলোমিটার দূরে নিকটতম সেনা ইউনিট থাকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেক বিরোধী নেতা। কংগ্রেস নেতা সিদ্দারামাইয়ার মতে, এটি একটি স্পষ্ট নিরাপত্তা ব্যর্থতা। কর্ণেগি এনডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস-এর সিনিয়র ফেলো অ্যাশলি টেলিস বলেন, “এ হামলা প্রমাণ করে, জঙ্গিদের সক্ষমতা বেড়েছে। তারা যদি নিরাপদ যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে থাকে এবং সরকার তা শনাক্ত করতে না পারে, তাহলে এটা তাদের জন্য স্পষ্ট সুবিধা।” প্রতিবেদন অনুযায়ী, এখনও পর্যন্ত হামলার সব তথ্য পরিষ্কার হয়নি এবং তদন্ত চলমান রয়েছে।

an adbox will go here