ইরানি তেল কিনলে ‘সেকেন্ডারি স্যাংশনের’ হুঁশিয়ারি ট্রাম্পের - দিগন্ত জার্নাল

ইরানি তেল কিনলে ‘সেকেন্ডারি স্যাংশনের’ হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক কড়া বার্তায় বলেছেন, ইরান থেকে তেল বা পেট্রোকেমিক্যাল পণ্য কিনলেই যুক্তরাষ্ট্র সেই ব্যক্তি বা দেশের ওপর ‘সেকেন্ডারি স্যাংশন’ আরোপ করবে। বৃহস্পতিবার ট্রুথ সোশ্যাল-এ প্রকাশিত বার্তায় ট্রাম্প বলেন,“যে বা যারা ইরান থেকে তেল কিনবে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনোভাবে ব্যবসা করতে পারবে না—না কোনোভাবে, না কোনো রূপে।”
এ হুঁশিয়ারি এমন এক সময়ে এল যখন রোমে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনা স্থগিত হয়েছে। ইরানের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ আচরণের ওপর নির্ভর করেই নতুন বৈঠকের তারিখ নির্ধারণ করা হবে।পূর্বেও ট্রাম্প প্রশাসন চীনভিত্তিক কিছু প্রতিষ্ঠান ও একটি স্বাধীন রিফাইনারির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল, যাদের বিরুদ্ধে ইরানি তেল বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ট্রাম্প প্রশাসন আবারও ‘সর্বোচ্চ চাপ’ (Maximum Pressure) কৌশল চালু করে, যার লক্ষ্য ইরানের তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনা এবং পরমাণু অস্ত্র অর্জন রোধ করা।
সেকেন্ডারি স্যাংশন
এটি এমন নিষেধাজ্ঞা, যেখানে একটি দেশ তার লক্ষ্যবস্তু নয়—তৃতীয় কোনো দেশের সঙ্গে ব্যবসা করায় দ্বিতীয় কোনো দেশকে শাস্তি দেয়। যুক্তরাষ্ট্রের বিশাল অর্থনীতি থাকায় এ ধরনের নিষেধাজ্ঞা অনেক কার্যকর হয়ে থাকে।

বিশ্লেষকদের মতে, ইরানের ওপর প্রকৃত চাপ সৃষ্টি করতে হলে চীনকেও টার্গেট করতে হবে, বিশেষ করে তাদের ব্যাংকগুলোকে, যেগুলো ইরানি তেলের প্রধান আর্থিক মাধ্যম। বর্তমানে চীনই ইরানি কাঁচা তেলের সবচেয়ে বড় ক্রেতা।

an adbox will go here