এরদোগানকে অপমানের অভিযোগে সুইডিশ সাংবাদিকের ১১ মাসের কারাদণ্ড - দিগন্ত জার্নাল

এরদোগানকে অপমানের অভিযোগে সুইডিশ সাংবাদিকের ১১ মাসের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক:
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে অপমান করার অভিযোগে সুইডেনের সাংবাদিক জোয়াকিম মেডিনকে ১১ মাসের কারাদণ্ড দিয়েছেন তুরস্কের একটি আদালত। তিনি সুইডিশ পত্রিকা ডাগেনস ইটিসি-এর সাংবাদিক। তবে বিচারক মেডিনকে শর্তসাপেক্ষে মুক্তির আদেশ দিলেও, তার বিরুদ্ধে তুরস্কে আরও একটি গুরুতর মামলা বিচারাধীন রয়েছে। সেই মামলার শুনানি না হওয়া পর্যন্ত তাকে জেলে থাকতে হবে। এখনও সেই মামলার শুনানির তারিখ নির্ধারিত হয়নি। এ খবর জানিয়েছে গার্ডিয়ান। জানা গেছে, ২৭ মার্চ তুরস্কের ইস্তানবুল বিমানবন্দর থেকে মেডিনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে প্রেসিডেন্টকে অপমান ও একটি সন্ত্রাসী সংগঠনের সদস্যপদে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। পরদিন তাকে ইস্তানবুলের সিলিভরি কারাগারে পাঠানো হয়।

অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের জানুয়ারিতে স্টকহোমে একটি বিক্ষোভে অংশ নেন মেডিন। ওই বিক্ষোভে এরদোগানের একটি পুতুল ঝুলিয়ে প্রতীকী শাস্তি দেওয়া হয়। পরে স্টকহোমের প্রাইড প্যারেডে কুর্দি কর্মীদের একটি ফ্লোটে একই পুতুলকে এলজিবিটিকিউ পতাকা হাতে দেখা যায়। তবে মেডিন নিজেকে নির্দোষ দাবি করে বলেন, “আমি তখন জার্মানিতে কাজ করছিলাম। এই ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। এমনকি আমি সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ছবি বা ভিডিও শেয়ার করিনি।” তিনি আরও বলেন, “আমি প্রেসিডেন্টকে অপমান করিনি। আমাকে শুধু নিবন্ধ লিখতে বলা হয়েছিল। ছবি নির্বাচন করেছেন সম্পাদকরা, আমি শুধু আমার সাংবাদিকতার কাজ করেছি।”

an adbox will go here