পাকিস্তানকে ঋণ দেওয়ার আগে পুনর্বিবেচনার আহ্বান ভারতের, আইএমএফের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন - দিগন্ত জার্নাল

পাকিস্তানকে ঋণ দেওয়ার আগে পুনর্বিবেচনার আহ্বান ভারতের, আইএমএফের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন

আন্তর্জাতিক ডেস্ক:
কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানকে ঋণ দেওয়ার বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে (আইএমএফ) পুনরায় ভাবতে বলেছে ভারত। শুক্রবার বার্তাসংস্থা রয়টার্স-কে দেওয়া এক বিবৃতিতে ভারতের এক সরকারি সূত্র এই তথ্য জানায়। গত সপ্তাহে ভারতশাসিত কাশ্মীরে পর্যটকদের ওপর চালানো হামলায় ২৬ জন নিহত হয়। এর জেরে দক্ষিণ এশিয়ার এই দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে, যা এখন আইএমএফ পর্যন্ত পৌঁছে গেছে।

ভারতের পক্ষ থেকে হামলাকারীদের মধ্যে দুইজনকে পাকিস্তানি নাগরিক হিসেবে চিহ্নিত করে তাদের ‘সন্ত্রাসী’ বলে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে পাকিস্তান হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। এই ঘটনার পর ভারত সিন্ধু নদ পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে এবং উভয় দেশ একে অপরের আকাশসীমা ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করেছে।

পাকিস্তান গত বছর আইএমএফ থেকে ৭ বিলিয়ন ডলারের একটি জরুরি সহায়তা প্যাকেজ পেয়েছিল, যা দেশটির অর্থনীতিকে ডিফল্টের হাত থেকে বাঁচাতে সহায়ক ছিল। চলতি বছরের মার্চে জলবায়ু সহনশীলতা প্রকল্পে অতিরিক্ত ১.৩ বিলিয়ন ডলার ঋণ অনুমোদিত হয়। তবে ভারতীয় সূত্র জানিয়েছে, বর্তমানে চলমান উত্তেজনার প্রেক্ষিতে পাকিস্তানকে দেওয়া ঋণ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে এবং আইএমএফকে তা পর্যালোচনার অনুরোধ করা হয়েছে। যদিও এ বিষয়ে আইএমএফ কিংবা ভারতের অর্থ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

পাকিস্তানের অর্থমন্ত্রীর উপদেষ্টা খুররম শেহজাদ জানিয়েছেন, “আইএমএফ কর্মসূচিটি সম্পূর্ণরূপে সঠিক পথে রয়েছে। সর্বশেষ পর্যালোচনাও ইতিবাচকভাবে সম্পন্ন হয়েছে।” এই উত্তেজনা আন্তর্জাতিক মহলে দৃষ্টি আকর্ষণ করেছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক ফোনালাপে আশা প্রকাশ করেন, পাকিস্তান যেন পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করে এবং হামলাকারীদের খুঁজে বের করতে সক্রিয় ভূমিকা পালন করে।

an adbox will go here