আজাদ কাশ্মীরে যুদ্ধ আশঙ্কায় খাদ্য মজুদের নির্দেশ - দিগন্ত জার্নাল

আজাদ কাশ্মীরে যুদ্ধ আশঙ্কায় খাদ্য মজুদের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক:
পহেলগাঁওয়ে হামলার জেরে ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দাদের দুই মাসের খাবার মজুদের নির্দেশ দিয়েছেন আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক।
শুক্রবার তিনি স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, এলওসি (নিয়ন্ত্রণ রেখা)–র কাছে ১৩টি নির্বাচনী এলাকার মানুষকে খাদ্য, ওষুধ ও প্রয়োজনীয় জিনিসপত্র মজুদ করতে বলা হয়েছে। এসব এলাকার সরবরাহ নিশ্চিত করতে ১০০ কোটি রুপির তহবিল গঠন করা হয়েছে। এছাড়া সীমান্ত সংলগ্ন রাস্তাঘাট ঠিক রাখতে বেসরকারি যন্ত্রপাতিও মোতায়েন করা হয়েছে।

যেকোনো সময় ভারতীয় সেনাবাহিনীর হামলার আশঙ্কায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সব মাদ্রাসা ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। যদিও সরকারিভাবে এটিকে গরমের কারণে ছুটি বলা হলেও ধর্মবিষয়ক দপ্তরের পরিচালক হাফিজ নাজির আহমেদ জানিয়েছেন, উত্তেজনার আবহে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্যই এই সিদ্ধান্ত। তিনি বলেন, “আমরা এখন দুই ধরনের তাপপ্রবাহের মধ্যে আছি— একটি প্রাকৃতিক, অন্যটি নরেন্দ্র মোদির রাজনৈতিক উত্তাপ।”

an adbox will go here