যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনি শিশুহত্যায় ঘৃণাজনিত অপরাধে ৫৩ বছরের সাজা
আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ইলিনয়ে ৬ বছর বয়সী ফিলিস্তিনি-মার্কিন শিশু ওয়াদী আলফায়ুমি হত্যার দায়ে জোসেফ চুবা (৭৩) নামের এক ব্যক্তিকে ৫৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। শুক্রবার (২ মে) এই রায় দেন উইল কাউন্টির বিচারক অ্যামি বার্তানি-টমচাক। ঘৃণাজনিত অপরাধ ও হত্যার দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়।
২০২৩ সালের ১৪ অক্টোবর, গাজায় ইসরাইলি আগ্রাসনের কয়েকদিনের মধ্যেই চুবা তার ভাড়াটিয়া হানান শাহিন ও তার শিশু পুত্র ওয়াদীর ওপর হামলা চালান। শাহিনকে গলা চেপে মাটিতে ফেলার পর সামরিক ধাঁচের ছুরি দিয়ে বারবার আঘাত করেন। শাহিন বেঁচে গেলেও ওয়াদীকে ২৬ বার ছুরিকাঘাত করা হয়, ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। হামলার সময় চুবা বলেছিলেন, “তুমি মুসলমান, তোমার মরতে হবে।” আদালত এই হত্যাকাণ্ডকে ‘নিষ্ঠুর ও পাশবিক’ হিসেবে বর্ণনা করে রায় ঘোষণা করে। রায়ে শিশুহত্যায় ৩০ বছর, হত্যাচেষ্টায় ২০ বছর এবং ঘৃণাজনিত অপরাধে ৩ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।
ওয়াদীর দাদা মাহমুদ ইউসুফ বলেন, ‘ওয়াদী চুবাকে দাদার মতো ভালোবাসত, অথচ সে ঘৃণায় ভরা মৃত্যু পেল।’ তিনি আরও বলেন, ‘যুদ্ধ ও ঘৃণার রাজনীতি যেন এই দেশে জায়গা না পায়।’
ঘটনার পর আমেরিকান-আরব বৈষম্যবিরোধী কমিটি (ADC) এবং আমেরিকান ইসলামিক সম্পর্ক কাউন্সিল (CAIR) রায়কে স্বাগত জানিয়ে জানান, ২০২4 সালে ইসলামবিদ্বেষমূলক ৮,৬৫৮টি অভিযোগ পাওয়া গেছে—এটি তাদের ইতিহাসে সর্বোচ্চ।
তথ্যসূত্র: আল জাজিরা