গাজায় নতুন ত্রাণ চুক্তির পথে যুক্তরাষ্ট্র-ইসরাইল
আন্তর্জাতিক ডেস্ক:
গাজা উপত্যকায় হামাসের নিয়ন্ত্রণ ছাড়াই মানবিক সাহায্য বিতরণের একটি নতুন ব্যবস্থার কাছাকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং একটি আন্তর্জাতিক ফাউন্ডেশন। শুক্রবার (২ মে) অ্যাক্সিওস প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দুই ইসরাইলি কর্মকর্তা ও একজন মার্কিন সূত্র জানান, ত্রিপক্ষীয় এই চুক্তি বাস্তবায়িত হলে গাজায় আন্তর্জাতিকভাবে নিয়ন্ত্রিত ফাউন্ডেশনের মাধ্যমে ত্রাণ বিতরণ করা হবে, যেখানে মানবিক কর্মীরা নেতৃত্বে থাকবেন। গাজায় স্থাপিত কম্পাউন্ডগুলোতে প্রতি সপ্তাহে একবার বেসামরিক ফিলিস্তিনিরা গিয়ে খাদ্য ও ওষুধ নিতে পারবেন। ইসরাইল বলছে, এই ব্যবস্থায় হামাস তাদের তহবিল হারাবে এবং জনগণের ওপর নিয়ন্ত্রণ দুর্বল হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ত্রাণ সরবরাহে সম্মতি দিয়েছেন বলে জানা গেছে। মার্কিন কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, এই ব্যবস্থার মাধ্যমে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো নিশ্চিত করবে যেন হামাস ত্রাণে হাত না দিতে পারে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় টানা সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরাইল। দেড় বছরের এই আগ্রাসনে নিহত হয়েছেন ৫২ হাজারের বেশি এবং আহত হয়েছেন ১ লাখ ১৮ হাজারের বেশি মানুষ, যার ৫৬ শতাংশই নারী ও শিশু। গত ১৮ মার্চ থেকে ইসরাইল আবারো সামরিক অভিযান শুরু করে এবং ২ মার্চ থেকে গাজায় ত্রাণ প্রবেশ পুরোপুরি বন্ধ করে দেয়, যার ফলে উপত্যকায় ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।