কাশ্মীর হামলার জেরে পাকিস্তান থেকে সব আমদানি নিষিদ্ধ করল ভারত - দিগন্ত জার্নাল

কাশ্মীর হামলার জেরে পাকিস্তান থেকে সব আমদানি নিষিদ্ধ করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক:
কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলার জেরে পাকিস্তান থেকে সব ধরনের আমদানি নিষিদ্ধ করেছে ভারত। শুক্রবার (২ মে) ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এক সরকারি নোটিশে এ সিদ্ধান্ত জানায়। এতে বলা হয়, পাকিস্তান থেকে সরাসরি বা পরোক্ষভাবে কোনো পণ্যের আমদানি বা পরিবহন এখন থেকে নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।
গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে এক সশস্ত্র হামলায় অন্তত ২৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন পর্যটক। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করেছে।

ভারতের দাবি, জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বৈদেশিক বাণিজ্য বিভাগের (DGFT) পক্ষ থেকে জানানো হয়েছে, নিষেধাজ্ঞার বাইরে কোনো পণ্য আনতে হলে সরকারের বিশেষ অনুমতি লাগবে। শুধু আমদানি নিষিদ্ধ করেই ভারত থেমে থাকেনি। পাকিস্তানকে আবার FATF-এর ‘গ্রে লিস্ট’-এ ফেরানোর কূটনৈতিক উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া বিশ্বব্যাংক, আইএমএফ, ও এশীয় উন্নয়ন ব্যাংকের কাছে পাকিস্তানকে ঋণ না দেওয়ার অনুরোধও জানানো হবে।

পেহেলগাম হামলার পর ভারত একাধিক দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করেছে, যার মধ্যে সবচেয়ে বড় পদক্ষেপ হলো সিন্ধু পানিচুক্তি স্থগিত। এর জবাবে পাকিস্তান সরকারও ১৯৭২ সালের সিমলা চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে।
এই উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন এবং আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন।

an adbox will go here