সন্ত্রাসবাদের দায়ে তিউনিসিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ৩৪ বছরের কারাদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক:
তিউনিসিয়ার একটি আদালত সন্ত্রাসবাদের অভিযোগে দেশটির সাবেক প্রধানমন্ত্রী আলী লারাইদকে ৩৪ বছরের কারাদণ্ড দিয়েছে। শুক্রবার দেওয়া রায়ে জানানো হয়, লারাইদের বিরুদ্ধে ইরাক ও সিরিয়ায় জিহাদি যোদ্ধা পাঠানোর অভিযোগ প্রমাণিত হয়েছে। ৬৯ বছর বয়সী আলী লারাইদ ইসলামপন্থী দল আননাহদার প্রভাবশালী নেতা ও প্রেসিডেন্ট কাইস সাইদের একজন কট্টর সমালোচক। তিনি ২০১১ সালের আরব বসন্তের পর স্বল্প সময়ের জন্য প্রধানমন্ত্রী ছিলেন। তার আইনজীবী জানিয়েছেন, ২০২২ সালের ডিসেম্বরে তাকে সন্ত্রাসী গোষ্ঠী গঠন এবং বিদেশে জিহাদে তিউনিসিয়ানদের পাঠানোর অভিযোগে গ্রেফতার করা হয়। তবে লারাইদ সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, এটি রাজনৈতিক প্রতিহিংসা।
এই মামলায় আরও দুই সাবেক নিরাপত্তা কর্মকর্তাকে ২৬ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং মোট আটজন আসামিকে ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে সাজা দেওয়া হয়েছে। জাতিসংঘের তথ্যমতে, ২০১১ থেকে ২০১৬ সালের মধ্যে প্রায় ৫,৫০০ তিউনিসিয়ান নাগরিক বিভিন্ন জিহাদি গোষ্ঠীতে যোগ দিয়ে মধ্যপ্রাচ্যের সংঘাতে অংশ নেয়।