তুরস্কের আকাশসীমা বন্ধ, আজারবাইজান সফর বাতিল নেতানিয়াহুর
আন্তর্জাতিক ডেস্ক:
আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ও রাজনৈতিক ব্যস্ততাকে কারণ দেখিয়ে আজারবাইজান সফর বাতিল করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ইসরাইলি সংবাদমাধ্যম ওয়ালার দাবি, সফর বাতিলের প্রকৃত কারণ ছিল তুরস্ক কর্তৃপক্ষের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা। প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্ক ‘উইং অফ জায়োন’ নামক ইসরাইলি সরকারী বিমানের আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় বিকল্প রুট হিসেবে গ্রিস ও বুলগেরিয়া হয়ে যাওয়ার পরিকল্পনা বিবেচনা করা হয়। কিন্তু এতে সময় দ্বিগুণ হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত সফর বাতিলের সিদ্ধান্ত নেন নেতানিয়াহু।
ইসরাইল-তুরস্ক সম্পর্কের অবনতির কারণে এর আগেও এমন ঘটনা ঘটেছে। ২০২৪ সালের নভেম্বরে ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগও একই কারণে জাতিসংঘের কপ-২৯ জলবায়ু সম্মেলনে আজারবাইজান সফর বাতিল করেন। ইসরাইল থেকে আজারবাইজানে সরাসরি বিমান চলাচলে তুরস্ক, সিরিয়া, ইরাক বা ইরানের আকাশসীমা ব্যবহার করতে হয়, যা বর্তমানে রাজনৈতিকভাবে জটিল হয়ে উঠেছে।