পাকিস্তানি রেঞ্জার আটক, সীমান্তে ফের উত্তেজনা - দিগন্ত জার্নাল

পাকিস্তানি রেঞ্জার আটক, সীমান্তে ফের উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের রাজস্থানে আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে বিএসএফ। এর আগে ২৩ এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে ভুলক্রমে সীমান্ত অতিক্রম করায় বিএসএফ কনস্টেবল পূর্ণম সাহুকে আটক করেছিল পাকিস্তানি রেঞ্জাররা। ধারণা করা হচ্ছে, পাল্টা প্রতিক্রিয়ায় এই আটক।

আটক পাকিস্তানি রেঞ্জারের পরিচয় জানানো হয়নি। তাকে বিএসএফের হেফাজতে রাখা হয়েছে। সেনা বিনিময়ের প্রচলিত প্রক্রিয়া থাকলেও পাকিস্তান এখনো সাহুকে ফেরত দেয়নি, যার ফলে ভারতও তাদের অবস্থান স্পষ্ট করেনি। এ ঘটনার ঘন্টাখানেক পর থেকেই জম্মু-কাশ্মীর সীমান্তজুড়ে তীব্র গোলাগুলির ঘটনা ঘটেছে। এনডিটিভির তথ্য অনুযায়ী, এটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে তীব্র সংঘর্ষ, যেখানে কোনো মৃত্যুর খবর না মিললেও পরিস্থিতি বেশ উত্তপ্ত।

সীমান্তে এই উত্তেজনার পেছনে ২২ এপ্রিল পহেলগাঁওয়ে প্রাণঘাতী হামলার প্রভাব রয়েছে, যেখানে ২৬ জন নিহত হন। ভারত হামলার জন্য পাকিস্তানি জঙ্গিগোষ্ঠীকে দায়ী করেছে এবং পাল্টা কড়া পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে রয়েছে পানিচুক্তি স্থগিত থেকে কূটনৈতিক সম্পর্ক হ্রাস পর্যন্ত। এই পরিস্থিতিতে পাকিস্তান নিজেদের আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করেছে, যা ভারতীয় কর্তৃপক্ষের মতে, স্পষ্ট উসকানিমূলক পদক্ষেপ।

an adbox will go here