ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২ সেনা
আন্তর্জাতিক ডেস্ক:
ইসরাইলের তেলআবিবে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনি প্রতিরোধ বাহিনীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২ সেনা নিহত ও কয়েকজন আহত হয়েছেন। রবিবার সকালের এই হামলায় বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয় এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল বা বিকল্প রুটে পাঠানো হয়।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যর্থ হওয়ায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তদন্ত চলছে। ফুটেজে বিস্ফোরণের ধোঁয়া দেখা যায়, যা হামলার প্রমাণ হিসেবে গণ্য হচ্ছে। যদিও এখনো কেউ দায় স্বীকার করেনি, পর্যবেক্ষকরা মনে করছেন, ইরানঘনিষ্ঠ ইয়েমেনি আনসারুল্লাহ (হুথি) গোষ্ঠী এই হামলার পেছনে থাকতে পারে। ধারণা করা হচ্ছে, এটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দ্বারা চালানো হয়েছে, যা ইসরাইলের প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ।
বিশ্লেষকরা বলছেন, এই হামলা ইসরাইলের নিরাপত্তায় সরাসরি আঘাত এবং পুরো অঞ্চলে এক নতুন সামরিক বাস্তবতার সূচনা করেছে। হামলার জেরে যুক্তরাষ্ট্র, মিসর ও ইউরোপীয় শক্তিগুলোর উদ্বেগ বাড়ছে। বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হানা কৌশলগত ও মনোবলভিত্তিক যুদ্ধের ইঙ্গিত দেয়, যা মধ্যপ্রাচ্যে একটি মাল্টি-ফ্রন্ট সংঘাতের সম্ভাবনা জোরদার করেছে।