সন্ত্রাসবাদ অপপ্রচারের জবাবে এলওসি খুলল পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের ‘সন্ত্রাসী প্রশিক্ষণ ক্যাম্প’ সংক্রান্ত অপপ্রচারের জবাবে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সীমান্তঘেঁষা এলাকা পরিদর্শনে আন্তর্জাতিক গণমাধ্যমকে আমন্ত্রণ জানিয়েছে ইসলামাবাদ। ৪ ও ৫ মে, দুই দিন ধরে বিদেশি সাংবাদিকরা এলওসি সংলগ্ন বিভিন্ন এলাকা ঘুরে দেখবেন। পাকিস্তানের কেন্দ্রীয় তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের মিথ্যা দাবি খণ্ডন করতেই এই উদ্যোগ। সাংবাদিকদের বাস্তব পরিস্থিতি দেখানো হবে যাতে ভারতের প্রচার ব্যর্থ হয়। মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, পাকিস্তান শান্তির পক্ষে এবং সন্ত্রাসবাদকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে।
এছাড়া জাতীয় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে দেশের রাজনৈতিক নেতাদের সঙ্গে ব্রিফিং করেন তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ও আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ। সেখানে ভারত-পাকিস্তান সম্ভাব্য সংঘাত, সেনাবাহিনীর প্রস্তুতি এবং কূটনৈতিক কৌশল নিয়ে আলোচনা হয়। উল্লেখ্য, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে হামলার কয়েক ঘণ্টার মধ্যেই ভারত দায় চাপায় পাকিস্তানের ওপর এবং উত্তেজনা বাড়াতে থাকে। ইসলামাবাদ শান্তির বার্তা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে।