কাশ্মীর হামলায় মোদিকে পুতিনের সমবেদনা, ভারত সফরের আমন্ত্রণ গ্রহণ
আন্তর্জাতিক ডেস্ক:
কাশ্মীরের পহেলগাঁওয়ে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে গভীর সমবেদনা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, মোদির পাঠানো আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন এবং শিগগিরই ভারত সফরে যাবেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন বিষয়টি নিশ্চিত করেছে। সোমবার (২৯ এপ্রিল) এক্স-এ এক বার্তায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, পুতিন ভারতের সন্ত্রাসবিরোধী লড়াইয়ে রাশিয়ার পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন।ফোনালাপে দুই নেতা পারস্পরিক স্বার্থে কৌশলগত অংশীদারত্ব আরও জোরদারের অঙ্গীকার করেন। মোদি পুতিনকে রাশিয়ার ৮০তম বিজয় দিবস উপলক্ষে শুভেচ্ছা জানান এবং ভারত সফরের আমন্ত্রণ জানান।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। ভারতের পক্ষ থেকে হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে কড়া পদক্ষেপ নেওয়া হয়। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও একাধিক ব্যবস্থা নেয়। এর ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। রাশিয়া উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে।