‘যেকোনো সময় হামলা চালাতে পারে ভারত’—সতর্ক করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক:
কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে উঠেছে। এমন প্রেক্ষাপটে ভারতের সম্ভাব্য হামলার আশঙ্কা প্রকাশ করে সতর্ক করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি জানান, ভারত যে কোনো সময় নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর আক্রমণ চালাতে পারে এবং পাকিস্তানও তার উপযুক্ত জবাব দিতে প্রস্তুত। সোমবার (৬ মে) ইসলামাবাদে সাংবাদিকদের তিনি বলেন, “গোপন সূত্রে জানা যাচ্ছে, ভারত এলওসির যেকোনো পয়েন্টে হামলা চালাতে পারে… নয়াদিল্লিকে এর উপযুক্ত জবাব দেওয়া হবে।” তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিযুক্ত করে বলেন, “তিনি রাজনৈতিক স্বার্থে পুরো অঞ্চলকে পারমাণবিক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছেন।”
প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, পেহেলগামে হামলার বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ একটি আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন। তার মতে, এই তদন্তের মাধ্যমে বোঝা যাবে, ঘটনার পেছনে ভারত নিজে না কোনো অভ্যন্তরীণ গোষ্ঠী জড়িত কিনা। তিনি দাবি করেন, খাইবার-পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সাম্প্রতিক সন্ত্রাসী হামলাগুলোর সঙ্গে আফগানিস্তানভিত্তিক গোষ্ঠীগুলোর যোগ রয়েছে, যাদের ভারত মদত দিচ্ছে। এ ছাড়া ২০১৬ ও ২০১৭ সালে জাতিসংঘে ভারতের অর্থায়নের প্রমাণ ও ভিডিও উপস্থাপন করা হয়েছিল বলেও দাবি করেন তিনি।
খাজা আসিফ পিটিআই দলকে একহাত নেন। তিনি বলেন, “আমি জানি না পিটিআই কেন দেশের এই সংকটময় মুহূর্তে অনুষ্ঠিত নিরাপত্তা ব্রিফিংয়ে অংশ নেয়নি।” তবে তিনি জানান, সংসদের উভয় কক্ষ পরিস্থিতি নিয়ে প্রস্তাব পাস করেছে এবং প্রয়োজনে যেকোনো দল সর্বদলীয় সম্মেলন ডাকার স্বাধীনতা রাখে।