ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধাবস্থা, গুলি বিনিময়ে নিহত বহু - দিগন্ত জার্নাল

ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধাবস্থা, গুলি বিনিময়ে নিহত বহু

আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের বেশ কয়েকটি এলাকায় ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। জবাবে পাকিস্তান বিমানবাহিনী প্রতিশোধমূলক হামলা চালিয়ে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামাবাদ। এ হামলায় ভারতের তিনজন নিহত হওয়ারও খবর পাওয়া গেছে।
বুধবার (৭ মে) সকালে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, যুদ্ধবিমান ধ্বংসের পর পাকিস্তানি জেটগুলো নিরাপদে ফিরে এসেছে।

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের পালটা হামলায় ভারতের চারটি বিমানবন্দর বন্ধ হয়ে গেছে। সংশ্লিষ্ট এলাকাগুলোর বাসিন্দাদের বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে। জম্মু-কাশ্মীরে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। রয়টার্সকে দেওয়া তথ্যে পাকিস্তানি সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, ভূপাতিত যুদ্ধবিমানগুলোর মধ্যে রয়েছে তিনটি ফরাসি তৈরি রাফায়েল, একটি এসইউ-৩০এমকেআই এবং একটি মিগ-২৯।

এদিকে নিয়ন্ত্রণ রেখার ধুন্দিয়াল সেক্টরে ভারতীয় সেনাদের ব্রিগেড সদরদপ্তর ধ্বংসের দাবি করেছে পাকিস্তান, পাশাপাশি একটি ড্রোন গুলি করে নামানোর কথাও জানায় তারা। নিয়ন্ত্রণরেখায় দুই দেশের সেনাদের মধ্যে তীব্র গুলি বিনিময় চলছে।
যদিও ভারতীয় কর্তৃপক্ষ পাকিস্তানের দাবি সম্পর্কে এখনো কোনো মন্তব্য করেনি, তবে এসব যুদ্ধবিমান হারানো সত্য হলে এটি ভারতীয় বিমানবাহিনীর জন্য কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় ক্ষতি হবে।

উল্লেখ্য, সম্প্রতি কাশ্মীরের পেহেলগাঁওয়ে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করেছে। উত্তেজনার মধ্যে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামে চালানো ক্ষেপণাস্ত্র হামলাকে পাকিস্তান ‘বিনা প্ররোচনায় কাপুরুষোচিত আক্রমণ’ বলেছে এবং পাল্টা জবাব দেওয়া শুরু করেছে। বর্তমানে ভারত তার নাগরিকদের সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে এবং উত্তর ভারতমুখী ভ্রমণ এড়িয়ে চলতে বলেছে।

an adbox will go here