ভারতের হামলার পর পাঞ্জাবে জরুরি অবস্থা ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তানের জনবহুল প্রদেশ পাঞ্জাবে জরুরি অবস্থা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ। বুধবার এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি জানান, সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ এবং হাসপাতালসহ জরুরি সেবা সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে।
মরিয়ম নওয়াজ বলেন, “সব চিকিৎসক ও সেবাকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। বেসামরিক প্রতিরক্ষাকর্মীদের নিজ দায়িত্বে ফিরে আসতে হবে।” জনগণকে ঘরের ভেতর থাকতে ও ভুয়া খবরে বিভ্রান্ত না হতে অনুরোধ জানানো হয়েছে। এর আগে, কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ ভারতীয় পর্যটক নিহত হওয়ার পর মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের বিভিন্ন স্থানে ‘অপারেশন সিঁদুর’ নামে হামলা চালায় ভারত। ইসলামাবাদ জানিয়েছে, হামলায় অন্তত ২৬ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন।
জবাবে পাকিস্তানও নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাল্টা হামলা চালিয়েছে। মরিয়ম নওয়াজ বলেন, “ভারত হয়তো এটা শুরু করেছে, কিন্তু আমরা এটি শেষ করব। পাকিস্তান শান্তি চায়, তবে সেটি সম্মানের সঙ্গে। যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, গোটা জাতি একসঙ্গে দাঁড়াবে।”