উত্তেজনার মধ্যেই আলোচনায় ভারত–পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টারা - দিগন্ত জার্নাল

উত্তেজনার মধ্যেই আলোচনায় ভারত–পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টারা

আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের হামলার জবাবে পাল্টা প্রতিক্রিয়ার হুমকি দিচ্ছে পাকিস্তান। এমন পরিস্থিতিতে দুদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের (এনএসএ) মধ্যে সরাসরি যোগাযোগ চলছে বলে নিশ্চিত করেছেন উভয় পক্ষের কর্মকর্তারা। এই উদ্যোগকে উত্তেজনা প্রশমনের কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লে. জেনারেল আসিম মালিক জানিয়েছেন, ভারতের এনএসএ প্রধান অজিত দোভাল দ্বিপাক্ষিক উত্তেজনা কমাতে আগ্রহী। পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, “পাকিস্তান ও ভারতের নিরাপত্তা উপদেষ্টারা আলোচনায় আছেন।” তবে তিনি আলোচনার বিষয়বস্তু খোলাসা করেননি। পাকিস্তানের এক কর্মকর্তা জানিয়েছেন, এই যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা সম্ভব হয়েছে আন্তর্জাতিক ও আঞ্চলিক শক্তির ব্যাকডোর কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে।

উল্লেখ্য, পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি (NSC) আগেই ঘোষণা দিয়েছিল, তারা “নিজের সময়, স্থান ও পদ্ধতি অনুযায়ী” ভারতের হামলার জবাব দেবে। তবে জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাম্প্রতিক বক্তব্যে পাল্টা জবাব না দেওয়ার ইঙ্গিতই বেশি ছিল। সূত্র জানায়, তৃতীয় একটি দেশ পাকিস্তানকে ভারতের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপারে আগাম সতর্ক করেছিল। সেইসঙ্গে ভারতও গোপনে বার্তা পাঠিয়ে জানিয়েছে, তাদের উত্তেজনা বাড়ানোর কোনো অভিপ্রায় নেই। ভারতীয় এনএসএ দোভাল এই বার্তা অন্যান্য দেশের নিরাপত্তা উপদেষ্টাদেরও জানিয়েছেন।

an adbox will go here