লাহোরে বিস্ফোরণ, সীমান্তে চরম উত্তেজনায় ভারত–পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের সঙ্গে সীমান্তে তীব্র উত্তেজনার মধ্যে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ মে) সকালে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে রয়টার্স ও জিও টিভি। বিস্ফোরণের কারণ এবং এতে কেউ হতাহত হয়েছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে বুধবার ভোরে পাকিস্তানের অন্তত ৯টি স্থানে হামলা চালায় ভারত। পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছে, হামলায় ৩১ জন নিহত হয়েছেন। ভারতের দাবি, এসব স্থাপনা সন্ত্রাসীদের ঘাঁটি ছিল। তবে পাকিস্তান দাবি করেছে, হামলার লক্ষ্যবস্তু ছিল বেসামরিক, যার মধ্যে একটি মসজিদ ও মাদ্রাসাও রয়েছে। এই সংঘর্ষের পেছনে রয়েছে কাশ্মীরের পহেলগামে গত মাসের হামলা, যেখানে ২৫ জন ভারতীয় পর্যটক ও একজন স্থানীয় বাসিন্দা নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে।
পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান দাবি করেছে, তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এমন পরিস্থিতিকে বিশ্লেষকেরা ১৯৯৯ সালের কারগিল যুদ্ধের পর সবচেয়ে গুরুতর সামরিক সংঘর্ষ হিসেবে দেখছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লিতে অন্তত ১২টি দেশের কূটনীতিকদের জানিয়েছে, পাকিস্তান পাল্টা হামলা চালালে ভারতও জবাব দিতে প্রস্তুত। ফলে দক্ষিণ এশিয়ায় বড় ধরনের যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে বলেন, “গত রাতে ভারত যে ভুল করেছে, তার মূল্য তাদের দিতে হবে। এটা সাহসী মানুষের জাতি—পিছু হটবে না।” প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ জানান, পাকিস্তান কেবল সামরিক লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হানবে। পাকিস্তান জানিয়েছে, ভারতের ছয়টি হামলার লক্ষ্যবস্তু ছিল বেসামরিক। মুজাফফরাবাদে একটি মসজিদ ও মাদ্রাসায় ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত হন বলে জানা গেছে।