পাকিস্তানের দাবি: ভারতীয় ২৫ ড্রোন ভূপাতিত
আন্তর্জাতিক ডেস্ক:
কাশ্মীর সীমান্তে চলমান সংঘাতে পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, ভারত থেকে পাঠানো ২৫টি ইসরাইলি হেরপ ড্রোন তারা ভূপাতিত করেছে। বৃহস্পতিবার (৮ মে) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সশস্ত্র বাহিনী সফট-কিল ও হার্ড-কিল কৌশল ব্যবহার করে এসব ড্রোন গুলি করে নামিয়েছে। ৬ মে ভারতের বিমান হামলার জবাবে পাকিস্তান পাল্টা প্রতিক্রিয়ায় ভারতের পাঁচটি যুদ্ধবিমান ও একাধিক ড্রোন ধ্বংস এবং কয়েকজন সেনার মৃত্যুর কথা জানায় আইএসপিআর। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় ভারত বড় ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বলেও তারা দাবি করে। সেনাবাহিনী জানায়, ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ সংগ্রহ করা হচ্ছে এবং যেকোনো আগ্রাসনের জবাব দিতে তারা প্রস্তুত।
এদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানের মর্টার ও গোলাবর্ষণে অন্তত ১৬ জন ভারতীয় নিহত হয়েছে, যাদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে। পাল্টা জবাব হিসেবে ভারতও হামলা চালিয়েছে বলে জানায় তারা। উভয় দেশের সীমান্তে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।