পেহেলগাঁওকাণ্ড ঘিরে উত্তেজনা, গুজবে সরগরম ভারতীয় মিডিয়া
আন্তর্জাতিক ডেস্ক:
পেহেলগাঁও হামলাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। গত মঙ্গলবার মধ্যরাতে আজাদ কাশ্মিরসহ পাকিস্তানের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। জবাবে পাকিস্তান ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে। এর ফলে দুই দেশের সীমান্তে গোলাবর্ষণসহ সংঘর্ষের মাত্রা বেড়ে যায়। এ পরিস্থিতিতে বৃহস্পতিবার (৮ মে) ভারত দাবি করে, পাকিস্তান জম্মু-কাশ্মির, পাঞ্জাব ও রাজস্থানের তিনটি সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে। তবে ইসলামাবাদ এই দাবি প্রত্যাখ্যান করেছে।
এদিকে ভারতীয় মিডিয়ায় ব্যাপক গুজব ছড়িয়ে পড়ে। দাবি করা হয়, পাকিস্তানের দুটি যুদ্ধবিমান ভেঙে পড়েছে, দুই পাইলট আটক, লাহোর ও করাচিতে হামলা চালিয়েছে ভারত। পাকিস্তান সেনাবাহিনীর এক কর্মকর্তা আলজাজিরাকে জানিয়েছেন, এসব দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।
প্রভাবশালী সংবাদমাধ্যম ডন জানায়, পাকিস্তানি পাইলটের ছবি বলে প্রচারিত ছবিটি ২০১৬ সালের তুরস্কের, আর ‘করাচি বন্দর’ হিসেবে দেখানো ছবিটি যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বিধ্বস্ত একটি বিমানের। এমনকি ২০২৩ সালে ইরানে হামলার একটি ভিডিওও ভারতীয় মিডিয়া পাকিস্তানে ভারতের হামলা বলে চালিয়েছে।
পাকিস্তান বলছে, এখন পর্যন্ত তারা আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে কোনো পালটা হামলা চালায়নি। ভারতীয় মিডিয়ার এসব গুজব উত্তেজনা বৃদ্ধির অজুহাত ও কৃত্রিম সাফল্যের প্রচার বলেই মনে করছে ইসলামাবাদ।
সূত্র: আলজাজিরা, ডন