আত্মরক্ষার অধিকার আছে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে শাহবাজ শরিফ
আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের আলোকে আত্মরক্ষায় পদক্ষেপ নেওয়ার অধিকার ইসলামাবাদের রয়েছে। বৃহস্পতিবার (৮ মে) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে।
প্রধানমন্ত্রী ভারতের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এসব আঘাত পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি। তিনি পাকিস্তানের জনগণের ক্ষোভের কথা তুলে ধরে যেকোনো মূল্যে দেশের আঞ্চলিক অখণ্ডতা রক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এই পরিস্থিতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে তিনি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্বেগের প্রশংসাও করেন।
অন্যদিকে, মার্কো রুবিও জানান, যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ার উত্তেজনাকর পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং শান্তি ও সংলাপের ওপর গুরুত্ব দিচ্ছে। তিনি দুই দেশের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানোর আহ্বান জানান। এর প্রেক্ষাপট হিসেবে উল্লেখযোগ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে হামলায় ২৬ জন নিহত হয়। এই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে দেশটিতে হামলা চালায় ভারত, যার পাল্টা জবাব দেয় ইসলামাবাদ।