ভারত-পাকিস্তান উত্তেজনায় উদ্বেগ এরদোগানের, পাকিস্তানকে তুরস্কের সমর্থন
আন্তর্জাতিক ডেস্ক:
পেহেলগাঁও হামলার জবাবে ভারতের বিমান হামলায় পাকিস্তানের অন্তত ৩১ জন নিহত ও ৫০ জন আহত হওয়ার পর যুদ্ধাবস্থার মতো উত্তেজনা বিরাজ করছে ভারত ও পাকিস্তানের মধ্যে। এমন সংকটময় পরিস্থিতিতে মুখ খুলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।
শুক্রবার (৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, “আমরা উদ্বিগ্ন যে পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা প্রকাশ্য সংঘাতে রূপ নিতে পারে।” এরদোগান নিহতদের জন্য দোয়া করেন এবং পাকিস্তানের সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানান। তিনি জানান, এই বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে তার ফোনালাপ হয়েছে। ওই আলোচনায় এরদোগান জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসী হামলার একটি আন্তর্জাতিক তদন্ত চাওয়ার পাকিস্তানি প্রস্তাবকে ‘মূল্যবান উদ্যোগ’ হিসেবে উল্লেখ করেন। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, “যেখান থেকে আর ফিরে আসা সম্ভব না, সে পর্যায়ে পৌঁছানোর আগেই উত্তেজনা কমাতে এবং সংলাপের পথ খুলে দিতে তুরস্ক সর্বোচ্চ চেষ্টা করছে।”
এর আগে ইসলামাবাদ দাবি করে, ভারত বিনা উসকানিতে ছয়টি পাকিস্তানি স্থানে হামলা চালিয়েছে—যার মধ্যে রয়েছে আহমেদপুর পূর্ব, মুরিদকে, শিয়ালকোট, শক্করগড়, মুজাফফরাবাদ ও কোটলি। এসব হামলায় শিশুসহ অন্তত ৩১ জন নিহত ও ৫৭ জন আহত হন। প্রতিশোধ হিসেবে পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান, সাতটি ড্রোন ভূপাতিত করার পাশাপাশি নিয়ন্ত্রণ রেখা বরাবর একটি ব্রিগেড সদর দপ্তর ও কয়েকটি চেকপোস্ট ধ্বংসের দাবি করে।