দক্ষিণ গাজায় হামাসের হামলায় ১৯ ইসরাইলি সেনা নিহত হওয়ার দাবি - দিগন্ত জার্নাল

দক্ষিণ গাজায় হামাসের হামলায় ১৯ ইসরাইলি সেনা নিহত হওয়ার দাবি

আন্তর্জাতিক ডেস্ক:
দক্ষিণ গাজার রাফাহ অঞ্চলে দুটি পৃথক হামলায় ১৯ জন ইসরাইলি সেনাকে হত্যা করার দাবি করেছে হামাসের সশস্ত্র শাখা আল-কাসসাম ব্রিগেড। বৃহস্পতিবার (৮ মে) এক বিবৃতিতে তারা জানায়, পূর্ব রাফাহের আল-তান্নুর ও আল-জেনিনা এলাকায় এই হামলা চালানো হয়। সূত্র: আনাদোলু এজেন্সি।

হামাস জানায়, ওমর ইবনে আব্দুল আজিজ মসজিদের কাছে সাত সদস্যবিশিষ্ট এক ইসরাইলি ইউনিটের ওপর শক্তিশালী বিস্ফোরক দিয়ে হামলা চালানো হয়, যাতে সবাই নিহত হন। এর আগে আল-ফিদাই জংশনের কাছে একটি বাড়িতে ধ্বংস অভিযান চালানোর প্রস্তুতির সময় ১২ জন ইসরাইলি সেনাকে লক্ষ্য করে অ্যান্টি-পার্সোনেল ও অ্যান্টি-আর্মর শেল দিয়ে হামলা চালানো হয়। হামাস দাবি করে, এতে পুরো ইউনিট ধ্বংস হয়।

এই দুটি অভিযানে বেশ কয়েকজন সেনা নিহত ও আহত হয়েছে বলে দাবি করে আল-কাসসাম। আহতদের সরিয়ে নিতে ইসরাইলি হেলিকপ্টার রাফাহ এলাকায় অবতরণ করে বলেও জানিয়েছে তারা। ইসরাইলি সেনাবাহিনী এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

সোমবার ইসরাইলি সামরিক বাহিনীর দেওয়া তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর থেকে এখন পর্যন্ত মোট ৮৫৪ জন ইসরাইলি সেনা নিহত হয়েছে। এদের মধ্যে ২,৬৪১ জন গাজা অভ্যন্তরে স্থল অভিযানে আহত হয়েছেন। অন্যদিকে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি অভিযানে এখন পর্যন্ত অন্তত ৫২,৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

an adbox will go here