তিব্বতের শিগাতসে শহরে ৫.৫ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক:
চীনের তিব্বতের শিগাতসে শহর সোমবার (১২ মে) ভোরে ভূমিকম্পে কেঁপে উঠে। স্থানীয় সময় ভোর ৫টা ১১ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। চীনা ভূমিকম্প প্রশাসন (সিইএ) এবং ভারতীয় ভূকম্পবিদ্যা কেন্দ্র (এনসিএস) জানায়, ভূমিকম্পটি ২৯.০২° উত্তর অক্ষাংশ ও ৮৭.৪৮° পূর্ব দ্রাঘিমাংশে, ১০ কিলোমিটার গভীরতায় আঘাত হানে।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের পরপরই জরুরি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। যদিও প্রাণহানির কোনো তথ্য নেই, তবুও বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভূকম্পনের গভীরতা কম থাকায় পরবর্তীতে আফটারশক বা মৃদু কম্পনের সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে তিব্বতের টিংরি কাউন্টিতে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ১২০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।