ভারতের হামলায় পাকিস্তানে ৫১ জন নিহত, পাল্টা প্রতিরোধে ‘অপারেশন বুনয়ানুম মারসুস’ - দিগন্ত জার্নাল

ভারতের হামলায় পাকিস্তানে ৫১ জন নিহত, পাল্টা প্রতিরোধে ‘অপারেশন বুনয়ানুম মারসুস’

আন্তর্জাতিক ডেস্ক:
ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার মধ্যে ভারতের সাম্প্রতিক হামলায় পাকিস্তানে ৫১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। নিহতদের মধ্যে ১১ জন সশস্ত্র বাহিনীর সদস্য এবং ৪০ জন বেসামরিক নাগরিক। আহত হয়েছেন আরও ১৯৯ জন।

সোমবার এক বিবৃতিতে আইএসপিআর জানায়, ৬ ও ৭ মে রাতে ভারতের সশস্ত্র বাহিনী বিনা উসকানিতে নারী, শিশু ও বৃদ্ধসহ নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায়। এতে ৭ জন নারী ও ১৫ শিশুসহ মোট ৪০ বেসামরিক মানুষ প্রাণ হারান এবং ১২১ জন আহত হন। এই হামলার জবাবে পাকিস্তান সেনাবাহিনী ‘মারকাহ-ই-হক’ ব্যানারে ‘অপারেশন বুনয়ানুম মারসুস’ নামে প্রতিরোধমূলক অভিযান পরিচালনা করে। পাল্টা হামলায় পাকিস্তান সশস্ত্র বাহিনীর ১১ জন সদস্য শহিদ হন এবং আরও ৭৮ জন আহত হন।

শহিদ সেনাদের মধ্যে পাকিস্তান সেনাবাহিনীর ৬ সদস্য এবং বিমান বাহিনীর ৫ সদস্য রয়েছেন। আইএসপিআর তাদের নাম প্রকাশ করেছে এবং জাতির পক্ষ থেকে শ্রদ্ধা ও দোয়া জানানো হয়েছে। আইএসপিআর-এর বিবৃতিতে বলা হয়, “এই শহিদদের আত্মত্যাগ জাতির জন্য সাহস, কর্তব্যপরায়ণতা ও অটল দেশপ্রেমের প্রতীক হয়ে থাকবে। পাকিস্তান তার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ।”

বিবৃতিতে আরও বলা হয়, “ভবিষ্যতে পাকিস্তানের বিরুদ্ধে কোনো আগ্রাসন হলে তা দ্রুত, পূর্ণমাত্রিক ও কঠোর জবাবের মুখে পড়বে, ইনশাআল্লাহ।”
কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় ভারত পাকিস্তানের ওপর দোষ চাপায়, যদিও পাকিস্তান তা অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানায়। দুই দেশের মধ্যে ৮৭ ঘণ্টাব্যাপী চলা সংঘাত ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়।

an adbox will go here