প্রথম সরকারি সফরে সৌদি আরবে ডোনাল্ড ট্রাম্প, রাজকীয় মর্যাদায় অভ্যর্থনা
আন্তর্জাতিক ডেস্ক:
প্রথম সরকারি সফরে সৌদি আরবে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৩ মে) সৌদি সময় সকাল ৯টা ৪৯ মিনিটে প্রেসিডেন্টকে বহনকারী বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’ রিয়াদে অবতরণ করে। সৌদি আকাশসীমায় প্রবেশের পর এফ-১৫ যুদ্ধবিমান দিয়ে তাকে স্বাগত জানানো হয়, যা এই সফরের গুরুত্ব ও কূটনৈতিক মর্যাদার প্রতীক। রিয়াদের রয়্যাল টার্মিনালে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান নিজে ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানান। সেখানে একটি ঐতিহ্যবাহী কফি অনুষ্ঠানে অংশ নেন দুজন। পরে ট্রাম্প নিজ হোটেলের উদ্দেশে রওনা দেন।
রিয়াদের প্রধান সড়কগুলোতে সৌদি ও মার্কিন পতাকা ওষ্ঠাপিত হয় এবং রাজকীয় বেগুনি কার্পেটে ট্রাম্পের অভ্যর্থনা জানানো হয়। সফরকালে ট্রাম্প যুবরাজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক, সিইও লাঞ্চন, একাধিক চুক্তি স্বাক্ষর, এবং মার্কিন-সৌদি বিনিয়োগ ফোরামে বক্তব্য প্রদান করবেন। এছাড়া তিনি ইউনেসকো স্বীকৃত ঐতিহাসিক স্থান দিরিয়াহ ও আত-তুরাইফ পরিদর্শন করবেন এবং রাজকীয় নৈশভোজেও অংশ নেবেন। সৌদি সফর শেষে ট্রাম্প সংযুক্ত আরব আমিরাত ও কাতার সফর করবেন বলে ধারণা করা হচ্ছে। সফরটিতে গাজা পরিস্থিতি ও ফিলিস্তিন ইস্যু বিশেষ গুরুত্ব পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।