সৌদিকে ইসরাইলকে স্বীকৃতির আহ্বান ট্রাম্পের - দিগন্ত জার্নাল

সৌদিকে ইসরাইলকে স্বীকৃতির আহ্বান ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে ইসরাইলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়ে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি এটিকে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে একটি ‘ঐতিহাসিক পদক্ষেপ’ এবং তার জন্য ‘ব্যক্তিগত সম্মানের বিষয়’ বলে উল্লেখ করেন।

মঙ্গলবার রিয়াদে অনুষ্ঠিত সৌদি-মার্কিন বিনিয়োগ ফোরামে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, “আমার দৃঢ় প্রত্যাশা, আকাঙ্ক্ষা এবং এমনকি স্বপ্ন—সৌদি আরব শিগগিরই আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেবে। এটি আপনার দেশের জন্য এক বিশাল মর্যাদার বিষয় হবে এবং মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি সরাসরি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি এই আহ্বান জানান, যিনি ওই ফোরামে ইলন মাস্কের পাশে বসেছিলেন। ট্রাম্পের প্রথম মেয়াদে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। যদিও সৌদি আরব এখনো আনুষ্ঠানিকভাবে ইসরাইলকে স্বীকৃতি দেয়নি, তবে বিগত কয়েক বছরে গোপন আলোচনা হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে ট্রাম্প আবারও ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, “ইরান যদি নতুন পারমাণবিক চুক্তিতে না আসে, তবে তাদের তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনা হবে।” যদিও ট্রাম্পের চলমান সফরে ইসরাইল ভ্রমণের কোনো কর্মসূচি নেই, তবে তার বক্তব্যে স্পষ্ট—তিনি মধ্যপ্রাচ্যের কূটনীতিতে আবারও সক্রিয় হতে চান। তবে গাজা যুদ্ধের কারণে সৌদি-ইসরাইল সম্পর্ক স্বাভাবিক করার আলোচনা আপাতত স্থগিত রয়েছে।

an adbox will go here